উপকূলীয় বাগেরহাটের মোরেলগঞ্জে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘বিদ্যানন্দ জীবন খেয়া’র উদ্যোগে এক দিনের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় পৌর শহরের ২৮১ নম্বর পূর্ব বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বেসরকারি উন্নয়ন সংস্থা বিদ্যানন্দ ভাসমান হাসপাতালের আয়োজনে এই ক্যাম্প পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কো-অর্ডিনেটর আবু হাসনাত দিপু, রেজাউল ইসলাম হৃদয়, সদস্য মিজানুর রহমান, স্থানীয় বিএনপি নেতা ও বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মেরাজুল ইসলাম খসরু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্বাস মুন্সী, সাবেক ছাত্রদল নেতা জাকারিয়া মুন্সী ডালিম ও জাকির হোসেন প্রমুখ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপকূলীয় অঞ্চলের ১৬টি ইউনিয়ন ও পৌরসভার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবন-জীবিকা ও স্বাস্থ্যের ওপর জলবায়ুর পরিবর্তনের বিরূপ প্রভাব দিন দিন বাড়ছে। এসব প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে খুলনা ও বরিশাল বিভাগের প্রত্যন্ত অঞ্চলে গত ৩ সেপ্টেম্বর থেকে আগামী ২ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও অন্যান্য সহযোগিতায় পরিচালিত ‘জীবন খেয়া’ মূলত নদী, চর ও উপকূলীয় অঞ্চলের দুর্গম এলাকার মানুষের জন্য চিকিৎসাসেবা সহজলভ্য করার একটি মানবিক উদ্যোগ।
সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এই এক দিনের ক্যাম্পে ১০ বছরের শিশু থেকে শুরু করে ৬৫ ঊর্ধ্ব বয়স্ক পুরুষ এবং বিভিন্ন বয়সের নারীরা চিকিৎসা সেবা নেন। ক্যাম্পে গাইনি, চক্ষু ও মেডিসিনের তিনজন চিকিৎসক ও তিনজন নার্স প্রায় পাঁচ শতাধিক রোগীকে সেবা দেন। এ সময় রোগীদের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি প্যাথলজি সেবা, ডেঙ্গু ও ম্যালেরিয়া পরীক্ষাসহ নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হয় এবং বিনামূল্যে ওষুধ, মানসম্মত পুষ্টিকর খাবারের প্যাকেট ও টুথব্রাশ বিতরণ করা হয়।
এ সময় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ বলেন, ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভাসমান হাসপাতালের মাধ্যমে দেশব্যাপী এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সময়ের আলো/জোই