ময়মনসিংহের গফরগাঁওয়ে জমিজমাসংক্রান্ত পূর্ববিরোধের জেরে মোজাম্মেল হোসেন (২৫) নামের এক যুবককে শ্বাসরোধ ও অণ্ডকোষে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার দত্তেরবাজার ইউনিয়নের বিরই নদীরপাড় এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, একই গ্রামের প্রতিবেশী আব্দুস সাত্তার ও সোহরাব গংদের সঙ্গে নিহত যুবকের পরিবারের দীর্ঘ দিন ধরে জমিজমা নিয়ে বিরোধ ও মামলা-মোকদ্দমা চলে আসছিল। এরই জেরে রোববারের দিবাগত রাতে মোজাম্মেলকে তার নিজ বসতঘরে ঢুকে শ্বাসরোধ করে এবং অণ্ডকোষে আঘাত করে হত্যা করা হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
নিহতের চাচা হালিম উদ্দিন ক্ষোভ প্রকাশ করে জানান, এর আগে গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় বিরই তালুকদার বাড়ি সংলগ্ন এলাকায় আব্দুস সাত্তার ও তাদের লোকজন নিহত মোজাম্মেলের বাবা আজিম উদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। ওই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও পুলিশ সময়মতো কোনো মামলা গ্রহণ করেনি। পুলিশের এই নিষ্ক্রিয়তার সুযোগেই প্রতিপক্ষের লোকজন এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ করেন তিনি। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
এ বিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সময়ের আলো/জোই