হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ২৩২ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০ জনে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ঢাকায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগে, ৫২৪ জন। এছাড়া চট্টগ্রামে ২৭৮, বরিশালে ১৩১, সিলেটে ১৫০, খুলনায় ৮৮, ময়মনসিংহে ৫৭, রংপুরে ২৬ এবং রাজশাহীতে ২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১ লাখ ৫২ হাজার ১১৭ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৪৬ হাজার ৪০০ জন।
এদিকে একই সময়ের হিসাবে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ৭২০ জনে। এর মধ্যে ২০ হাজার ১২৪ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।
সময়ের আলো/এমকে