গায়ক ও অভিনেতা মুকুল জামিল আর নেই। রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে আকস্মিকভাবে মারা গেছেন ঢাকাই শোবিজের পরিচিত এই শিল্পী। তার মৃত্যুতে সংগীত ও অভিনয় অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
মুকুল জামিলের মৃত্যুর খবরে অভিনয়শিল্পী সংঘ এক শোকবার্তায় জানিয়েছে, ‘অভিনয়শিল্পী সংঘের সম্মানিত সদস্য মুকুল জামিল ইন্তেকাল করেছেন। তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। তার প্রয়াণে আমরা গভীর শোকাহত।’
তার মৃত্যুতে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন। গায়ক ও সুরকার মোহাম্মদ মিলন আবেগঘন এক পোস্টে মুকুল জামিলকে স্মরণ করে লিখেছেন, ‘আমার প্রাণপ্রিয় ভাই মুকুল জামিল ভাই এভাবে হঠাৎ চলে যাবেন, এটা আমার জন্য প্রচণ্ড কষ্টের। দেখা হলেই আমাকে বুকে জড়িয়ে ধরতেন, কপালে চুমু দিতেন।’
মিলন জানান, মুকুল জামিল ছিলেন একজন সংগীতশিল্পী। তার ‘সেলফি’ গান দিয়ে মজার ছলে প্রথমবার মুকুলকে মডেল হিসেবে নেওয়া হয়। এরপর তার আরও বেশ কয়েকটি গানে অভিনেতা হিসেবে কাজ করেন মুকুল।
ছোটবেলা থেকেই রবীন্দ্রসংগীতের প্রতি আগ্রহ ছিল তার। বোনের হাত ধরে সংগীতজগতে প্রবেশ করেন মুকুল জামিল। দীর্ঘ ক্যারিয়ারে ৩০টিরও বেশি মিক্সড অ্যালবামে কাজ করেছেন তিনি। তার একক অ্যালবাম ‘আমি তো এমনই’ও প্রকাশিত হয়েছে।
সংগীতের পাশাপাশি নাটক, সিনেমা ও বিভিন্ন মিউজিক ভিডিওতে অভিনয় করে পরিচিতি পান মুকুল জামিল। দুই অঙ্গনেই সক্রিয় এই শিল্পীর আকস্মিক মৃত্যুতে সহকর্মীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
সময়ের আলো/এমকে