প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, পল্লী বিদ্যুতের জিএমকে স্ট্যান্ড রিলিজ

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান জোরদার করতে দেশের সব জেলার সঙ্গে আয়োজিত ভার্চুয়াল কনফারেন্সে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য চলাকালে বিদ্যুৎ

2026-09-15T00:44:54+00:00
2026-09-15T00:53:20+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, পল্লী বিদ্যুতের জিএমকে স্ট্যান্ড রিলিজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৪ এএম  আপডেট: ১৫.০৯.২০২৬ ১২:৫৩ এএম
ছবি : সংগৃহীত
ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান জোরদার করতে দেশের সব জেলার সঙ্গে আয়োজিত ভার্চুয়াল কনফারেন্সে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য চলাকালে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. আলতাপ হোসেনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বরিশাল জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় পিরোজপুরের কাউখালী উপজেলা মিলনায়তনে প্রধানমন্ত্রীর বক্তব্য সরাসরি সম্প্রচারের আয়োজন করা হয়। বক্তব্য শুরু হওয়ার প্রায় এক মিনিটের মাথায় কনফারেন্সস্থলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিছুক্ষণ পর বিদ্যুৎ ফিরে এলেও পুরো উপজেলায় সরবরাহ স্বাভাবিক থাকা অবস্থায় শুধু মিলনায়তনে বিদ্যুৎ চলে যাওয়ায় ক্ষোভ তৈরি হয়।

এর পরদিন রোববার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পল্লী বিদ্যুৎ সমিতির মানবসম্পদ পরিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মইনুল হাসানের স্বাক্ষরিত অফিস আদেশে আলতাপ হোসেনকে বরিশাল জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ে সংযুক্ত করা হয়।

অফিস আদেশে তাকে সোমবার (১৪ সেপ্টেম্বর) সংযুক্ত দপ্তরে যোগদানের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জ্যেষ্ঠ ডেপুটি জেনারেল ম্যানেজারকে নিজ দায়িত্বের পাশাপাশি আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ জিএমের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।


বিষয়টি সোমবার রাতে নিশ্চিত করেন পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত জিএম মো. কামরুজ্জামান।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাইসুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যের অনুষ্ঠান সম্পর্কে তিনি আগেই পল্লী বিদ্যুৎ সমিতিকে জানিয়েছিলেন। এরপরও বক্তব্য চলাকালে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। তবে উপজেলা পরিষদের অন্য অংশে তখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ছিল। তাঁর ধারণা, যোগাযোগের ঘাটতির কারণেই এমন ঘটনা ঘটতে পারে।

অন্যদিকে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএমের অতিরিক্ত দায়িত্বে থাকা কামরুজ্জামান বলেন, ইউএনও কার্যালয়ে বিদ্যুৎ না থাকার বিষয়ে অভিযোগ পাওয়ার পর লাইনম্যানরা সেখানে গিয়েছিলেন। কর্মীদের ধারণা ছিল, ইউএনও কার্যালয়েই সভা হচ্ছে। এ কারণে ভুল করে ওই লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়ে থাকতে পারে।

তিনি জানান, লাইন বন্ধ করার পরই কনফারেন্সস্থলেও বিদ্যুৎ চলে যায়। পরে সেখানকার বিদ্যুৎ অফিসের ইনচার্জকে ফোন করে বিষয়টি জানানো হয়। তার ভাষ্য অনুযায়ী, রাত ৯টা ৪২ মিনিট থেকে ৯টা ৪৪ মিনিট পর্যন্ত প্রায় দুই মিনিট বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। এ ঘটনার কারণেই জিএমকে বরিশালে সংযুক্ত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সময়ের আলো/টিকে
  বিষয়:   প্রধানমন্ত্রী  বক্তব্য  লোডশেডিং  পল্লী বিদ্যুত  জিএম  স্ট্যান্ড রিলিজ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: