রফতানি বহুমুখীকরণে বাংলাদেশের ভবিষ্যৎ কৌশল

অঞ্জন মজুমদার

মতামত

বর্তমান বিশ্বের অর্থনীতি দ্রুত পরিবর্তিত হচ্ছে, আন্তর্জাতিক বাণিজ্যে এখন শুধু কম দামে পণ্য উৎপাদনই যথেষ্ট নয়; বরং টেকসই উন্নয়ন, স্বচ্ছতা,

2026-09-15T06:07:28+00:00
2026-09-15T06:07:28+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
মতামত
ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট
রফতানি বহুমুখীকরণে বাংলাদেশের ভবিষ্যৎ কৌশল
অঞ্জন মজুমদার
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৭ এএম 
সময়ের আলো গ্রাফিক
বর্তমান বিশ্বের অর্থনীতি দ্রুত পরিবর্তিত হচ্ছে, আন্তর্জাতিক বাণিজ্যে এখন শুধু কম দামে পণ্য উৎপাদনই যথেষ্ট নয়; বরং টেকসই উন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ডিজিটাল রূপান্তর ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। উন্নত দেশগুলো শিল্প উৎপাদন, সরবরাহ ব্যবস্থা এবং ভোক্তা সচেতনতা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়াচ্ছে— বৈশ্বিক পরিবর্তনের প্রেক্ষাপটে ‘ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট’ বা ডিপিপি আন্তর্জাতিক অঙ্গনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা হিসেবে আবির্ভূত হয়েছে।

ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট মূলত একটি পণ্যের ডিজিটাল পরিচয়পত্র; একটি পণ্যের কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে উৎপাদন, ব্যবহার, পুনর্ব্যবহার এবং বর্জ্য ব্যবস্থাপনা পর্যন্ত সম্পূর্ণ তথ্য এতে সংরক্ষিত থাকে। কিউআর কোড, আরএফআইডি, ক্লাউড ডাটাবেজ কিংবা ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে একজন ভোক্তা, ব্যবসায়ী বা নিয়ন্ত্রক সংস্থা খুব সহজেই জানতে পারে পণ্যটি কোথায় তৈরি হয়েছে, কী ধরনের উপকরণ ব্যবহার করা হয়েছে, এর কার্বন নিঃসরণ কত, এটি পুনর্ব্যবহারযোগ্য কি না এবং পরিবেশের ওপর এর প্রভাব কতটুকু। ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যেই টেকসই শিল্পব্যবস্থা গড়ে তুলতে ডিপিপি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের জন্য এটি একই সঙ্গে একটি চ্যালেঞ্জ এবং বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।

বিশ্ব অর্থনীতি বর্তমানে ‘সার্কুলার ইকোনমি’ বা চক্রাকার অর্থনীতির দিকে এগোচ্ছে, যেখানে পণ্য ব্যবহারের পর ফেলে না দিয়ে পুনর্ব্যবহার, পুনঃপ্রক্রিয়াজাতকরণ এবং পুনর্ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়; এই লক্ষ্য বাস্তবায়নে ডিপিপি একটি গুরুত্বপূর্ণ নীতিগত হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের ‘ইকোডিজাইন ফর সাসটেইনেবল প্রোডাক্টস রেগুলেশন’ বর্তমানে ডিপিপি সংক্রান্ত অন্যতম গুরুত্বপূর্ণ আইনগত কাঠামো।

ইউরোপীয় গ্রিন ডিল এবং সার্কুলার ইকোনমি অ্যাকশন প্ল্যানের অংশ হিসেবে গৃহীত এই নীতির আওতায় ইউরোপের বাজারে বিক্রিত পণ্যের ক্ষেত্রে ধীরে ধীরে ডিজিটাল পাসপোর্ট বাধ্যতামূলক করা হচ্ছে, বিশেষ করে পোশাক, ব্যাটারি, ইলেকট্রনিকস এবং শিল্পপণ্যের ক্ষেত্রে।

ইউরোপীয় ইউনিয়নের ব্যাটারি রেগুলেশন এ ক্ষেত্রে একটি বাস্তব উদাহরণ। ২০২৭ সাল থেকে ইউরোপে ব্যবহৃত বৈদ্যুতিক যানবাহনের ব্যাটারিতে ডিজিটাল ব্যাটারি পাসপোর্ট বাধ্যতামূলক করা হবে— এতে ব্যাটারির কাঁচামালের উৎস, কার্বন ফুটপ্রিন্ট, পুনর্ব্যবহারযোগ্য উপাদান এবং বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত তথ্য সংরক্ষিত থাকবে। একইভাবে ফ্রান্সের ‘অ্যান্টি-ওয়েস্ট অ্যান্ড সার্কুলার ইকোনমি আইন’ ভোক্তাদের কাছে পণ্যের পরিবেশগত তথ্য প্রকাশ বাধ্যতামূলক করেছে। ফ্রান্স ইতিমধ্যেই ফ্যাশন ও ভোক্তা পণ্যে ডিজিটাল ট্রেসেবিলিটি ব্যবস্থা চালু করছে।

জার্মানিও শিল্পস্বচ্ছতা ও টেকসই উৎপাদনব্যবস্থা নিশ্চিত করতে ডিপিপি প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে; দেশটির অটোমোবাইল ও প্রকৌশল শিল্প সরবরাহ ব্যবস্থার প্রতিটি ধাপ ট্র্যাক করতে ডিজিটাল পাসপোর্ট ব্যবহার করছে। 

অন্যদিকে সুইডেন ও ফিনল্যান্ডের বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ড পোশাকে কিউআর কোড সংযুক্ত করছে, যার মাধ্যমে ক্রেতারা সহজেই জানতে পারছেন পোশাকটি কোন কারখানায় তৈরি হয়েছে, কী ধরনের কাঁচামাল ব্যবহার করা হয়েছে, উৎপাদনে কতটুকু পানি ব্যবহৃত হয়েছে এবং পরিবেশের ওপর এর প্রভাব কতখানি। চীনও খাদ্য নিরাপত্তা, ওষুধ শিল্প এবং ইলেকট্রনিক্স খাতে ডিজিটাল ট্রেসেবিলিটি ব্যবস্থা জোরদার করছে, জাপান ও দক্ষিণ কোরিয়া সরবরাহ ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করতে ব্লকচেইনভিত্তিক প্রযুক্তিতে বিনিয়োগ বাড়াচ্ছে। এসব আন্তর্জাতিক উদ্যোগ একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে— ভবিষ্যতের বৈশ্বিক বাণিজ্যে টেকসই ও স্বচ্ছ উৎপাদনব্যবস্থা অত্যাবশ্যক হয়ে উঠবে।

বাংলাদেশ বর্তমানে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ উৎপাদনমুখী অর্থনীতিতে পরিণত হয়েছে, বিশেষ করে তৈরি পোশাক শিল্পে; বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রফতানিকারক দেশ হিসেবে বাংলাদেশ আন্তর্জাতিক বাজারে শক্ত অবস্থান তৈরি করেছে— তবে বৈশ্বিক বাজারের চাহিদা দ্রুত পরিবর্তিত হচ্ছে। ইউরোপ ও আমেরিকার ক্রেতারা এখন শুধু কম দামের পণ্য নয় বরং পরিবেশবান্ধব, নৈতিকভাবে উৎপাদিত এবং স্বচ্ছ সরবরাহ ব্যবস্থার পণ্যের প্রতি বেশি গুরুত্ব দিচ্ছেন।

বর্তমান বৈশ্বিক বাস্তবতায় বাংলাদেশের পোশাক শিল্পে ডিপিপি চালু করা গেলে আন্তর্জাতিক বাজারে দেশের গ্রহণযোগ্যতা আরও বাড়বে; বিদেশি ক্রেতারা সহজেই জানতে পারবেন পোশাকটি কোথায় তৈরি হয়েছে, শ্রমিকদের কর্মপরিবেশ কেমন ছিল, উৎপাদনে পরিবেশগত মানদণ্ড মানা হয়েছে কি না। ফলে ‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডের প্রতি আস্থা আরও বাড়বে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা শক্তিশালী হবে। শুধু পোশাক শিল্প নয়, বাংলাদেশের চামড়া ও জুতা শিল্পেও ডিপিপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে; এ শিল্প দীর্ঘদিন ধরে পরিবেশ দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনার সমালোচনার মুখে রয়েছে। ডিপিপির মাধ্যমে উৎপাদকরা পরিবেশবান্ধব উৎপাদন, রাসায়নিক ব্যবস্থাপনা এবং টেকসই কাঁচামাল ব্যবহারের তথ্য তুলে ধরতে পারবেন, এতে আন্তর্জাতিক পরিবেশ সচেতন বাজারে প্রবেশ সহজ হবে।

কৃষিপণ্য রফতানির ক্ষেত্রেও ডিপিপি নতুন সম্ভাবনা তৈরি করতে পারে; বিদেশি ভোক্তারা এখন জানতে চান কৃষিপণ্য কোন জমিতে উৎপাদিত হয়েছে, কী ধরনের সার বা কীটনাশক ব্যবহার করা হয়েছে এবং খাদ্যটি আন্তর্জাতিক নিরাপত্তা মান পূরণ করে কি না। বাংলাদেশের আম, চা, চিংড়ি কিংবা সবজির সঙ্গে যদি ডিজিটাল পাসপোর্ট যুক্ত করা যায়, তা হলে আন্তর্জাতিক ক্রেতারা সহজেই পণ্যের মান ও উৎপাদন প্রক্রিয়া যাচাই করতে পারবেন— যাতে বৈশ্বিক কৃষিপণ্য বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে। ফার্মাসিউটিক্যাল শিল্পেও ডিপিপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশ্বব্যাপী নকল ওষুধ একটি বড় সমস্যা; ওষুধের মোড়কে ডিজিটাল পাসপোর্ট যুক্ত থাকলে ভোক্তা ও নিয়ন্ত্রক সংস্থা সহজেই ওষুধের সত্যতা, উৎপাদনের তারিখ, সরবরাহ ব্যবস্থা এবং নিরাপত্তা তথ্য যাচাই করতে পারবে, এতে বাংলাদেশের ওষুধ শিল্প আন্তর্জাতিক বাজারে আরও বিশ্বাসযোগ্যতা অর্জন করবে।


ডিপিপি শুধু অর্থনৈতিক বা বাণিজ্যিক বিষয় নয়, এটি পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু সহনশীলতার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা অন্যতম দেশ, একই সঙ্গে শিল্পবর্জ্য, প্লাস্টিক দূষণ এবং ই-বর্জ্যরে পরিমাণ দ্রুত বাড়ছে কিন্তু পুনর্ব্যবহারযোগ্য উপকরণ সম্পর্কে সঠিক তথ্যের অভাবে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা বাধাগ্রস্ত হচ্ছে। ডিপিপির মাধ্যমে পুনর্ব্যবহারযোগ্য উপাদান, ক্ষতিকর রাসায়নিক এবং বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত তথ্য সহজেই পাওয়া যাবে, ফলে পুনর্ব্যবহার ও সম্পদ পুনরুদ্ধার কার্যক্রম আরও কার্যকর হবে। নেদারল্যান্ডস ইতিমধ্যেই ইলেকট্রনিক পণ্যে ডিপিপি ব্যবহার করে ই-বর্জ্য পুনর্ব্যবস্থাপনায় সাফল্য অর্জন করেছে। বাংলাদেশও একই ধরনের ব্যবস্থা গ্রহণ করলে পরিবেশ দূষণ কমানো সম্ভব হবে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অগ্রগতি ত্বরান্বিত হবে।

তবে বাংলাদেশে ডিপিপি বাস্তবায়নের ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে— দেশের অনেক শিল্প প্রতিষ্ঠানে এখনও পর্যাপ্ত ডিজিটাল অবকাঠামো গড়ে ওঠেনি। ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলোর প্রযুক্তিগত সক্ষমতা সীমিত, পাশাপাশি ডেটা নিরাপত্তা ও সাইবার ঝুঁকিও বড় উদ্বেগের বিষয়। কারণ ডিপিপি পুরোপুরি ডিজিটাল তথ্যভান্ডারের ওপর নির্ভরশীল। এ ছাড়া দক্ষ জনবলের ঘাটতি এবং পর্যাপ্ত বিনিয়োগের অভাবও বড় চ্যালেঞ্জ। অনেক উদ্যোক্তা এখনও ডিপিপির দীর্ঘমেয়াদি গুরুত্ব সম্পর্কে সচেতন নন। বিশেষ করে ছোট শিল্প প্রতিষ্ঠানের জন্য এর প্রাথমিক বাস্তবায়ন ব্যয় তুলনামূলক বেশি হতে পারে। ফলে সরকারি সহায়তা এবং আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া ডিপিপির বিস্তৃত প্রয়োগ কঠিন হতে পারে।

এখন প্রয়োজন আন্তর্জাতিক মানসম্পন্ন নীতিমালা প্রণয়ন, ডিজিটাল অবকাঠামো উন্নয়ন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে প্রযুক্তিগত সহায়তা, সাইবার নিরাপত্তা জোরদার এবং শিল্প খাতভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি চালু করা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে গবেষণায় উৎসাহিত করতে হবে। সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে স্থানীয়ভাবে সাশ্রয়ী ডিপিপি প্রযুক্তি উন্নয়ন সম্ভব, পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে কারিগরি সহযোগিতা বাড়ানো প্রয়োজন।

ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট কেবল একটি প্রযুক্তিগত উদ্ভাবন নয়; এটি ভবিষ্যতের বৈশ্বিক বাণিজ্য, টেকসই শিল্পায়ন এবং দায়িত্বশীল ভোক্তা সংস্কৃতির অন্যতম ভিত্তি হয়ে উঠছে। যেসব দেশ দ্রুত এই পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে পারবে, তারাই বৈশ্বিক বাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকবে।

অন্যদিকে যারা পিছিয়ে থাকবে, তারা ভবিষ্যতে আন্তর্জাতিক বাণিজ্যে নানা ধরনের বাধার মুখোমুখি হতে পারে। বাংলাদেশের জন্য ডিপিপি একটি বড় সুযোগ। এর মাধ্যমে দেশটি শুধু কম খরচে উৎপাদনকারী অর্থনীতি হিসেবেই নয় বরং স্বচ্ছ, পরিবেশবান্ধব এবং প্রযুক্তিনির্ভর রফতানিকারক দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে। সঠিক পরিকল্পনা, বিনিয়োগ এবং সরকার, শিল্প খাত ও শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ সফলভাবে ডিপিপি বাস্তবায়ন করতে সক্ষম হবে, আর তাতেই আন্তর্জাতিক বাজারে ‘মেইড ইন বাংলাদেশ’ পণ্যের মর্যাদা আরও এক নতুন উচ্চতায় পৌঁছাবে।

গ্রিন সার্কুলার ইকোনমি স্পেশালিস্ট
মতামত লেখকের নিজস্ব

সময়ের আলো/প্রিন্ট/টিকে
  বিষয়:   রফতানি  বহুমুখীকরণ  বাংলাদেশ  ভবিষ্যৎ  কৌশল  ডিজিটাল  প্রোডাক্ট  পাসপোর্ট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
মতামত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: