এআই নিয়ন্ত্রণে একজোট স্যান্ডার্স-ব্যানন, চাইছেন কঠোর বিধিনিষেধ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর বিধিনিষেধ আরোপের দাবিতে এবার একসঙ্গে কথা বলতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রগতিশীল ডেমোক্র্যাট সিনেটর বার্নি স্যান্ডার্স

2026-09-15T19:27:18+00:00
2026-09-15T19:27:18+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
এআই নিয়ন্ত্রণে একজোট স্যান্ডার্স-ব্যানন, চাইছেন কঠোর বিধিনিষেধ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৭ পিএম 
যুক্তরাষ্ট্রের সিনেটর বার্নি স্যান্ডার্স। ছবি : রয়টার্স
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর বিধিনিষেধ আরোপের দাবিতে এবার একসঙ্গে কথা বলতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রগতিশীল ডেমোক্র্যাট সিনেটর বার্নি স্যান্ডার্স এবং রক্ষণশীল পডকাস্টার স্টিভ ব্যানন। রাজনৈতিকভাবে তারা দীর্ঘদিনের বিরোধী হলেও এআইয়ের সম্ভাব্য ক্ষতি নিয়ে উদ্বেগে বর্তমানে তারা একই ধারণা পোষণ করছেন। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ওয়াশিংটনে একই অনুষ্ঠানে বক্তব্য দেবেন স্যান্ডার্স ও ব্যানন। এআই নিয়ে উদ্বেগ কীভাবে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিভাজনের প্রচলিত সীমারেখাকেও বদলে দিচ্ছে, এই ঘটনাকে তার একটি উদাহরণ হিসেবে টানেন তারা। 

এআইয়ের সম্ভাব্য ঝুঁকি নিয়ে মানুষের উদ্বেগও সাম্প্রতিক সময়ে বেড়েছে। গত সপ্তাহে অ্যানথ্রপিকের গবেষক জ্যাকব কক্সন পদত্যাগের কথা জানিয়ে বলেন, এর একটি কারণ ছিল এআই নিয়ে কাজ করা অনেক মানুষই আন্তরিকভাবে বিশ্বাস করেন, এই প্রযুক্তি দশকের শেষ হওয়ার আগেই মানবজাতির জন্য ভয়াবহ হুমকি হয়ে উঠতে পারে।  

এদিকে, সোমবার বিশ্বজুড়ে এআই-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের দামও কমেছে। প্রযুক্তি খাতের কয়েকটি বড় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান জানানোর পরই এই পতন বেড়ে যায়। 

ট্রাম্পের এআই নীতির সমালোচনা ব্যাননের 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের মিত্র হিসেবে পরিচিত স্টিভ ব্যাননও এআই নিয়ন্ত্রণে ট্রাম্প প্রশাসনের অবস্থানের সমালোচনা করেছেন। 

ব্যাননের অভিযোগ, এআই নিয়ন্ত্রণে ট্রাম্পের অনীহার জন্য মূলত বড় প্রযুক্তি কোম্পানিগুলোই দায়ী। 

সোমবার নিজের পডকাস্টে ব্যানন বলেন, কংগ্রেসের এমন কোনো আইন পাস করা উচিত নয়, যার মাধ্যমে এআই প্রযুক্তি নিয়ে নিজেদের আইন কার্যকর করার ক্ষেত্রে অঙ্গরাজ্যগুলোর ক্ষমতা সীমিত হয়ে যায়।  

তিনি বলেন, আমেরিকার জনগণ এসব প্রযুক্তি-অলিগার্কের অধীনস্থ হয়ে থাকবে না। 

এর আগে, রয়টার্স জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের সিনেটররা এমন একটি বিল নিয়ে আলোচনা করছেন, যার মাধ্যমে এআই মডেলের নির্দিষ্ট ঝুঁকি মোকাবেলায় অঙ্গরাজ্যগুলোর নিজস্ব আইন কার্যকর করার ক্ষমতা বন্ধ হয়ে যেতে পারে। 

অতীতেও অঙ্গরাজ্যগুলোর এআই-সংক্রান্ত আইন সীমিত করার উদ্যোগ নিয়েছিল। তবে সেসব প্রচেষ্টা সিনেটে সফল হয়নি।


এআই নিয়ে ট্রাম্পের ভিন্ন অবস্থান 

অন্যদিকে সোমবার এআইয়ের অপব্যবহারের ফলে মানুষের ক্ষতি হওয়ার বিষয়ে প্রযুক্তি খাতের নেতাদের উদ্বেগকে গুরুত্ব দিয়ে দেখেননি প্রেসিডেন্ট ট্রাম্প। 

তিনি বলেন, শক্তিশালী এআই প্রযুক্তি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রে ইতোমধ্যেই প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা বা ‘গার্ডরেল’ রয়েছে। 

স্যান্ডার্সের প্রস্তাব

এআই নিয়ন্ত্রণের বিষয়ে এর আগে থেকেই সরব সিনেটর বার্নি স্যান্ডার্স। প্রতিনিধি পরিষদের প্রগতিশীল সদস্য গ্রেগ কাসারের সঙ্গে মিলে তিনি এমন এআই প্রযুক্তির উন্নয়ন সাময়িকভাবে বন্ধ রাখার দাবি জানিয়েছেন, যেগুলো যুক্তরাষ্ট্র সরকারকে উৎখাত বা দুর্বল করার সক্ষমতা রাখে। 

তাদের প্রস্তাব অনুযায়ী, এ ধরনের প্রযুক্তির উন্নয়ন তখন পর্যন্ত বন্ধ রাখা উচিত, যতক্ষণ না সরকার এআই প্রযুক্তির ওপর নজরদারি ও নিয়ন্ত্রণের জন্য একটি নতুন সংস্থা তৈরি করে।

তবে স্যান্ডার্স ও কাসার এখনো তাদের প্রস্তাবের বিস্তারিত কাঠামো প্রকাশ করেননি। 

মঙ্গলবারের অনুষ্ঠানে স্যান্ডার্স ও ব্যাননের পাশাপাশি বক্তব্য দেবেন এএফএল-সিআইও সভাপতি লিজ শুলার এবং ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইভানজেলিক্যালসের সভাপতি ওয়াল্টার কিম। 

উল্লেখ্য, এএফএল-সিআইও যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শ্রমিক ইউনিয়ন ফেডারেশন। 

রাজনৈতিকভাবে বিপরীত মেরুর দুই ব্যক্তি স্যান্ডার্স ও ব্যাননের এআই নিয়ন্ত্রণের দাবিতে এক মঞ্চে আসা তাই যুক্তরাষ্ট্রে প্রযুক্তিটির ভবিষ্যৎ নিয়ে বাড়তে থাকা উদ্বেগেরই ইঙ্গিত দিচ্ছে। 

সূত্র : রয়টার্স 


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   যুক্তরাষ্ট্র  এআই  বার্নি স্যান্ডার্স  স্টিভ ব্যানন 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: