ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ও শহিদ মিনার আবাসিক এলাকায় সড়কে ২টি ও টিএসসি এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টা ৪০ মিনিটের দিকে প্রথমে জগন্নাথ হল ও শহিদ মিনার আবাসিক এলাকায় ২ টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর টিএসসি এলাকায় আরেকটি বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
এরইমধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল টিম ও পুলিশ। তবে এ ঘটনায় কাউকে শনাক্ত করা যায়নি। তবে জড়িতদের শনাক্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।
জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীস পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঘটনার বিষয়ে জানতে চাইলে প্রাধ্যক্ষ দেবাশীস পাল বলেন, ‘একটু আগে ককটেল ফুটিয়েছে, আমি নিজেও শব্দ শুনেছি। হলের দারোয়ান আমাকে নিশ্চিত করেছে যে ঘটনাটি হলের মূল গেটের বাইরের রাস্তায় ঘটেছে।’
বিস্ফোরণের পরপরই হলে নিরাপত্তা জোরদার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘শব্দ শোনার পর আমি সাথে সাথে নিরাপত্তার দায়িত্বে থাকা হাউস টিউটরকে নির্দেশ দিয়েছি, যাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া অন্য কোনো বহিরাগতকে হলের ভেতরে প্রবেশ করতে দেওয়া না হয়।
কারা এই ঘটনা ঘটাতে পারে- এমন প্রশ্নের জবাবে তিনি জানান, রাস্তার ঘটনা হওয়ায় এবং দারোয়ানরা হলের ভেতরে থাকায় কারা এটি ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে, ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে ১১টা ২০ মিনিটে টিএসসি থেকে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
সময়ের আলো/কেএইচও