নিজেদের আন্ডারডগ মানছেন ডুলি

ক্রীড়া প্রতিবেদক

খেলা

ফিফা আসিয়ান কাপের আগে স্বস্তিতে নেই বাংলাদেশ কোচ টমাস ডুলি। চোট-ফিটনেস সমস্যা আর স্বীকৃত নম্বর নাইনের অভাব। সব মিলিয়ে কঠিন

2026-09-16T03:56:24+00:00
2026-09-16T03:56:24+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
খেলা
নিজেদের আন্ডারডগ মানছেন ডুলি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৬ এএম 
বাংলাদেশ কোচ টমাস ডুলি। ছবি : সংগৃহীত
ফিফা আসিয়ান কাপের আগে স্বস্তিতে নেই বাংলাদেশ কোচ টমাস ডুলি। চোট-ফিটনেস সমস্যা আর স্বীকৃত নম্বর নাইনের অভাব। সব মিলিয়ে কঠিন বাস্তবতার মুখে বাংলাদেশ। তার ওপর আসিয়ান কাপের গ্রুপ পর্বে শক্তিমত্তার বিচারে বাকি তিন প্রতিপক্ষই এগিয়ে। ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ যেখানে ১৮১ নম্বরে তার বিপরীতে ইন্দোনেশিয়া ১১৮, মালয়েশিয়া ১৩৬ আর সিঙ্গাপুর রয়েছে ১৪৮ নম্বরে। ফলে টুর্নামেন্টের আগে নিজেদের আন্ডারডগ হিসেবেই দেখছেন কোচ থমাস ডুলি। 

গতকাল মঙ্গলবার বসুন্ধরা কিংস অ্যারেনায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ কোচ বলেন, ‘আপনাদের বুঝতে হবে— আমরা এখানে আন্ডারডগ। র‌্যাঙ্কিংয়ে প্রতিপক্ষ দলগুলো আমাদের চেয়ে অনেক এগিয়ে। তাই তাদের সঙ্গে লড়াই করতে হলে মাঠের প্রতিটি ছোট ছোট সিদ্ধান্ত নিখুঁত হতে হবে।’ ‘আমাদের কোনো প্রথাগত ‘নম্বর নাইন’ বা স্ট্রাইকার নেই।

সান ম্যারিনো ম্যাচের পর অনেক দিন মাঠের বাইরে ছিল খেলোয়াড়রা। তাই দিনে দুবার করে অনুশীলন নিয়ে ডুলি বলেন, ‘বেশিরভাগ খেলোয়াড়ই সান ম্যারিনো ম্যাচের পর কিছু করেনি। আমি এটা বলছি না যে তারা একেবারেই কিছু করেনি, তবে তারা প্রায় দুই মাস ধরে নিজেদের মতো করে একক প্রশিক্ষণ নিয়েছে। এই ঘাটতি দ্রুত পূরণ করতে শুরু থেকেই বাড়তি অনুশীলনের চাপ দিতে হয়েছে খেলোয়াড়দের। দিনে দুবার অনুশীলন করানোর কারণে অনেকের পেশিতে টানও দেখা দিয়েছে। আমরা ম্যাচ শুরুর প্রায় চার সপ্তাহ আগেই ট্রেনিং সেশন শুরু করেছি। এটি আমাদের কিছু সময় দিয়েছে, যাতে তাদের ফিট করে তোলা যায়।’

দলের কৌশল ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ইস্যু নিয়ে আমেরিকান কোচ বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে কারা সেরা একাদশ বানাচ্ছে বা আমরা কীভাবে খেলব— সেটা যদি আগেই প্রকাশ পেয়ে যায়, তবে প্রতিপক্ষ দলগুলো সুযোগ পেয়ে যাবে। মালয়েশিয়া, সিঙ্গাপুর বা ইন্দোনেশিয়া সবাই এসব পর্যবেক্ষণ করছে। কৌশল গোপন রাখাই আমাদের বড় অস্ত্র।’ 

চলতি বছরের মার্চে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলে হেরে যায় বাংলাদেশ। এর আগে গত বছর ২-১ গোলে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তাদের বিপক্ষে লড়াই করার কথা মনে করিয়ে দিয়ে ডুলি বলেন, ‘গতবার আমরা প্রায় জয়ের কাছাকাছি গিয়েও হেরেছিলাম। র‌্যাঙ্কিংয়ে তারা এগিয়ে থাকলেও আমাদের একটি ভালো দিনে তাদের হারানো সম্ভব।’

মালয়েশিয়াকে নিয়ে বাংলাদেশ কোচ বলেন, ‘তারা শক্ত প্রতিপক্ষ। সাধারণভাবে ওদের হারানো কঠিন হলেও ফুটবলে যেকোনো কিছুই ঘটতে পারে। আমরা নিজেদের সেরাটা দিলে এবং তারা ভুল করলে সুযোগ তৈরি হবে।’ ইন্দোনেশিয়ার বিপক্ষে মানসিক চাপকে কাজে লাগাতে চান ডুলি, ‘আমাদের বিরুদ্ধে খেলার সময় ইন্দোনেশিয়া মনস্তাত্ত্বিক চাপে থাকবে। ফিফা আসিয়ান কাপের পর ঘরের মাঠে নভেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপে মাঠে নামবে বাংলাদেশ। তাই এই টুর্নামেন্ট দিয়ে সাফের প্রস্তুতিটা সঠিকভাবে সেরে নিতে চান ডুলি। 


বাংলাদেশ কোচের ভাষায়, ‘ওখানে গিয়েই আমরা প্রথম হব বা সেরা তিনে থাকব। এমন কাল্পনিক চিন্তা করা যাবে না। আমাদের মূল উদ্দেশ্য হলো অভিজ্ঞতা অর্জন করা। যদি এই ম্যাচগুলোতে আমরা হেরেও যাই বা অনেক ভুল করি, তাও ভালো; কারণ সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা সাফে যেন আর একই ভুল না করি। সেটাই হবে আমাদের আসল লাভ।’ 

বাংলাদেশের আক্রমণভাগ নিয়ে চিন্তিত ডুলি। তার মতে, দলে এখন কোনো প্রথাগত নম্বর নাইন বা খাঁটি স্ট্রাইকার নেই। ঘরোয়া লিগের প্রতিটি ক্লাবই বিদেশি ফরোয়ার্ডদের খেলায়, যার ফলে স্থানীয় কোনো স্ট্রাইকার গড়ে উঠছে না। টুর্নামেন্টে অংশ নিতে ১৯ সেপ্টেম্বর দেশ ছাড়বে বাংলাদেশ।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 
  বিষয়:   আন্ডারডগ  ডুলি  ফিফা আসিয়ান কাপ 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: