সাপে কামড়ের পর ওঝার কাছে, হাসপাতালে মৃত্যু

নাটোর সংবাদদাতা

সারাদেশ

নাটোরের বাগাতিপাড়ায় বিষধর সাপের কামড়ে আবু তাহের (৬০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। সাপে কাটার পর দ্রুত হাসপাতালে না নিয়ে

2026-09-16T10:50:01+00:00
2026-09-16T10:50:01+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সাপে কামড়ের পর ওঝার কাছে, হাসপাতালে মৃত্যু
নাটোর সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫০ এএম 
সংগৃহীত ছবি
নাটোরের বাগাতিপাড়ায় বিষধর সাপের কামড়ে আবু তাহের (৬০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। সাপে কাটার পর দ্রুত হাসপাতালে না নিয়ে প্রথমে তাকে স্থানীয় এক ওঝার কাছে নেওয়া হয়। সেখানে সময়ক্ষেপণের পর অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয় তাকে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নাটোর সদর হাসপাতালে মারা যান আবু তাহের। তিনি বাগাতিপাড়া সদর ইউনিয়নের টেটনপাড়া গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে নিজ শয়নকক্ষে চৌকির ওপর ঘুমিয়ে ছিলেন আবু তাহের। এ সময় একটি বিষধর সাপ তার বাম কাঁধের নিচে দংশন করে। তবে সাপটি দেখতে না পাওয়ায় প্রথমে বিষয়টি গুরুত্ব দেননি পরিবারের সদস্যরা।

পরে আবু তাহেরের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে না নিয়ে স্থানীয় এক ওঝার কাছে নেওয়া হয়। সেখানে বিষ নামানোর চেষ্টা করা হয়। এতে বেশ কিছু সময় পার হয়ে যায়।


সকাল ৮টার দিকে তার অবস্থার আরও অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। তবে সাপের দংশনের বিষয়টি নিশ্চিতভাবে জানাতে না পারায় চিকিৎসা শুরুর ক্ষেত্রেও কিছুটা বিলম্ব হয়।

পরে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে চিকিৎসকরা সাপের দংশনের বিষয়টি নিশ্চিত হন। তাকে অ্যান্টিভেনম দেওয়ার প্রস্তুতি চলার সময় দুপুর ১২টার দিকে আবু তাহেরের মৃত্যু হয়।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহ না থাকার কথা জানিয়ে মঙ্গলবার রাত ৯টার দিকে থানায় লিখিত আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে নাটোর সদর হাসপাতাল থেকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   সাপে কামড়  ওঝা  হাসপাতালে মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: