দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই সংবাদ সম্মেলন করে তার মানহানি করতে পারে কি না, সেই প্রশ্ন তুলেছেন জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ প্রশ্ন তোলেন।
মনিরা শারমিন বলেন, ‘দুদক কি একজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ার আগেই সংবাদ সম্মেলন করে তার মানহানি করতে পারে? অভিযোগ প্রমাণ হওয়ার পূর্বেই কিভাবে ব্যক্তিকে মিডিয়া ট্রায়ালের মধ্যে ফেলতে পারে? কোন আইনের ক্ষমতাবলে?’
তিনি আরও বলেন, ‘অথচ সংবিধানের ৩১ ধারা “আইনের আশ্রয় লাভের অধিকার”-এ বলছে, আইন অনুযায়ী এমন কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না, যা কোনো ব্যক্তির জীবন, স্বাধীনতা, সুনাম বা সম্পত্তির ক্ষতিসাধন করে।’
মনিরা শারমিন প্রশ্ন তোলেন, ‘তাহলে অভিযোগ প্রমাণের আগেই আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাংবিধানিক অধিকার হরণের কারণে কেন এই প্রতিষ্ঠান প্রশ্নবিদ্ধ হবে না?’
সময়ের আলো/কেএইচ