আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে বেপরোয়া বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (২৫) নামে যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক চালক পালিয়ে যান। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বানিয়াচং উপজেলার কতুবখানী হাওরসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রাবণ সরকার বানিয়াচং উপজেলার বিদ্যাভূষণ পাড়ার সুন্দর সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে শ্রাবণ সরকারসহ তিন যুবক মোটরসাইকেলে করে বানিয়াচং থেকে আজমিরীগঞ্জের উদ্দেশে রওনা দেন। সকাল পৌনে ১০টার দিকে তারা কতুবখানী হাওরসংলগ্ন এলাকায় পৌঁছালে আজমিরীগঞ্জ থেকে ছেড়ে যাওয়া একটি বাস মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় মোটরসাইকেলটি ছিটকে পড়ে। এতে শ্রাবণ সরকার গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর বাসটি না থামিয়ে চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পরে শ্রাবণের সঙ্গে থাকা অপর দুই যুবক পুলিশে খবর দেন। বানিয়াচং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সময়ের আলো/এনএন