স্থানীয় ডেলিভারি বিলের বকেয়া ২৭০ দিন পেরোলে ওভারডিউ

অর্থনীতি

ব্যাক-টু-ব্যাক ঋণপত্রের আওতায় স্থানীয় ডেলিভারি বিলের বকেয়া নির্ধারণে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে যোগ্য উৎপাদনকারীদের বাল্ক আমদানির ক্ষেত্রে

2026-09-17T03:12:30+00:00
2026-09-17T03:12:30+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
অর্থনীতি
স্থানীয় ডেলিভারি বিলের বকেয়া ২৭০ দিন পেরোলে ওভারডিউ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১২ এএম 
সংগৃহীত ছবি
ব্যাক-টু-ব্যাক ঋণপত্রের আওতায় স্থানীয় ডেলিভারি বিলের বকেয়া নির্ধারণে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে যোগ্য উৎপাদনকারীদের বাল্ক আমদানির ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাক-টু-ব্যাক ঋণপত্রের বিপরীতে স্থানীয় ডেলিভারি বিল ২৭০ দিনের বেশি সময় বকেয়া না থাকলে সেটিকে মেয়াদোত্তীর্ণ হিসেবে বিবেচনা করা হবে না। ফলে নির্ধারিত অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে এসব প্রতিষ্ঠান রফতানি উন্নয়ন তহবিলের অর্থায়ন পাওয়ার সুযোগ পাবে।

বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ২৩ জুলাই জারি করা আগের নির্দেশনা অনুযায়ী, কোনো রফতানিকারক রফতানি উন্নয়ন তহবিলের ঋণের জন্য বাংলাদেশ ব্যাংকে আবেদন করার আগে সংশ্লিষ্ট অনুমোদিত বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংককে ওই রফতানিকারকের কোনো বকেয়া দায় রয়েছে কি না তা যাচাই করতে হতো।

অন্যদিকে গত ১৩ আগস্ট জারি করা আরেকটি নির্দেশনায় ব্যাক-টু-ব্যাক আমদানি ঋণপত্র ব্যবহারের সর্বোচ্চ সময়সীমা ২৭০ দিন নির্ধারণ করা হয়েছিল। নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে স্থানীয় ডেলিভারি বিলের বকেয়া নির্ধারণের ক্ষেত্রেও এই সময়সীমার সঙ্গে সামঞ্জস্য আনা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যোগ্য উৎপাদনকারীদের বাল্ক আমদানির ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাক-টু-ব্যাক ঋণপত্রের বিপরীতে স্থানীয় ডেলিভারি বিল ২৭০ দিনের বেশি সময় বকেয়া না থাকলে রফতানি উন্নয়ন তহবিলের অর্থায়নের ক্ষেত্রে সেটিকে মেয়াদোত্তীর্ণ হিসেবে গণ্য করা হবে না।

অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের স্থানীয় ডেলিভারি বিল ২৭০ দিনের মধ্যে বকেয়া থাকলে শুধু এই কারণে প্রতিষ্ঠানটি রফতানি উন্নয়ন তহবিলের অর্থায়ন থেকে বঞ্চিত হবে না। তবে অন্যান্য প্রযোজ্য শর্ত পূরণ করতে হবে। অন্যদিকে কোনো স্থানীয় ডেলিভারি বিল ২৭০ দিনের বেশি সময় ধরে বকেয়া থাকলে সেটি মেয়াদোত্তীর্ণ হিসেবে বিবেচিত হতে পারে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের রফতানি উন্নয়ন তহবিলের অর্থায়ন পাওয়ার যোগ্যতার ওপর প্রভাব পড়তে পারে। বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে ব্যাক-টু-ব্যাক ঋণপত্রের ব্যবহারকাল এবং স্থানীয় ডেলিভারি বিলের বকেয়া নির্ধারণের মধ্যে সামঞ্জস্য তৈরি হলো।

 একই সঙ্গে অনুমোদিত বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলোও রফতানি উন্নয়ন তহবিলের ঋণের আবেদন যাচাইয়ের সময় স্থানীয় ডেলিভারি বিলের বকেয়া নিয়ে একটি নির্দিষ্ট সময়সীমা অনুসরণ করতে পারবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, গত ২৩ জুলাই জারি করা রফতানি উন্নয়ন তহবিলের ঋণ পরিচালনা সংক্রান্ত অন্য সব নির্দেশনা অপরিবর্তিত থাকবে। অর্থাৎ নতুন নির্দেশনায় শুধু স্থানীয় ডেলিভারি বিলের বকেয়া অবস্থাকে কীভাবে বিবেচনা করা হবে, সে বিষয়টি স্পষ্ট করা হয়েছে; ঋণের অন্যান্য নিয়ম ও শর্তে কোনো পরিবর্তন আনা হয়নি।

বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট অনুমোদিত বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলোকে প্রজ্ঞাপনের বিষয়বস্তু তাদের সংশ্লিষ্ট গ্রাহক ও প্রতিষ্ঠানের নজরে আনার নির্দেশ দিয়েছে।

সময়ের আলো/প্রিন্ট/আতা
  বিষয়:   ডেলিভারি বিল  বকেয়া  ওভারডিউ  ব্যাংক  সময়ের আলো  অর্থনীতি 


Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: