বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, গত ২০ বছরে দেশের পর্যটনখাত ভেঙে পড়েছিলো, দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (এটিএফ) উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রশিদুজ্জামান মিল্লাত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার পর্যটন খাতকে অর্থনৈতিক বৈচিত্র্য, কর্মসংস্থান সৃষ্টি এবং সুষম আঞ্চলিক উন্নয়নের বৃহত্তর কর্মসূচির অংশ হিসেবে গুরুত্ব দিয়েছে। আমরা অন্ধকার থেকে শুরু করেছি। তাই পর্যটনের প্রতিটি স্তরে কাজ করার পরিকল্পনা আমাদের রয়েছে।
তিনি বলেন, আমাদের মূলমন্ত্র হলো, আগামীকাল নয়, এখন থেকেই শুরু করতে হবে। আজ থেকেই শুরু করতে হবে। এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।
এর আগে, গত ১৪ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে আয়োজক কর্তৃপক্ষ জানায়, এবারের মেলায় বাংলাদেশসহ ১০টি দেশের ২০০টির বেশি প্রতিষ্ঠান তিনটি হলে প্রায় ৩০০টি বুথে অংশগ্রহণ করেছে। হোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট, এয়ারলাইন্স, সরকারি-বেসরকারি পর্যটন প্রতিষ্ঠান এবং বিদেশি দূতাবাস ও মিশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পর্যটন পণ্য ও সেবার প্রদর্শন সহ আকর্ষণীয় অফার দর্শনার্থীদের কাছে উপস্থাপন করবে।
সময়ের আলো/কেএইচও