গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকচাপায় শামীম আল রাফি নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার হিজলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামীম আল রাফির বাড়ি টাঙ্গাইল সদর এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শামীম আল রাফি মোটরসাইকেলযোগে টাঙ্গাইল সদর থেকে কালিয়াকৈরের উদ্দেশে রওয়ানা হন। পথিমধ্যে মহাসড়কের হিজলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে সরাসরি চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী খান জানান, খবর পেয়ে পুলিশ সড়ক থেকে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
সময়ের আলো/এনএন