গাজীপুরের কালিয়াকৈরে শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার দায়ে আতিকুল হাসান নামে যুবককে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতে ওই যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৩ সেপ্টেম্বর সকালে উপজেলার ভান্নারা এলাকায় হাজী আজগর আলী হাই স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে উত্ত্যক্ত করে আতিকুল। এ ঘটনায় শিক্ষার্থীর মা শাহনাজ আক্তার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন।
অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে আতিকুল হাসানকে গ্রেফতার করে পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড দেওয়া হয়।
সময়ের আলো/এনএন