টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন জস বাটলার। বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে এই ফরম্যাটে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ইংল্যান্ডের এই উইকেটকিপার-ব্যাটার। একই সঙ্গে কাইরন পোলার্ডকে পেছনে ফেলে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষেও উঠেছেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বৃহস্পতিবার এই কীর্তি গড়েন বাটলার। ইংল্যান্ডের রান তাড়ার পঞ্চম ওভারে এশান মালিঙ্গার বলে এক রান নিয়ে ১৫ হাজার রানের ক্লাবে ঢোকেন তিনি।
১৫ হাজার রানে পৌঁছানোর সময় বাটলারের টি-টোয়েন্টি ম্যাচের সংখ্যা ৫২৮। এই ফরম্যাটে তার ব্যাটিং গড় ৩৫.৪৬, স্ট্রাইক রেট ১৪৭.৪৬। ক্যারিয়ারে এখন পর্যন্ত করেছেন ৯টি সেঞ্চুরি ও ১০৭টি ফিফটি।
ইংল্যান্ডের হয়ে খেলার পাশাপাশি বিশ্বের বিভিন্ন ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও নিয়মিত খেলেছেন বাটলার।
ল্যাঙ্কাশায়ার, ম্যানচেস্টার অরিজিনালস, ম্যানচেস্টার সুপার জায়ান্টস, গুজরাট টাইটানস, সমারসেট, পার্ল রয়্যালস, মুম্বাই ইন্ডিয়ান্স, সিডনি থান্ডার, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ডারবানস সুপার জায়ান্টস, মেলবোর্ন রেনেগেডস ও ইংল্যান্ড লায়ন্সের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন তিনি।
বাটলারের ১৫ হাজার রানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে টি-টোয়েন্টির সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দুইয়ে নেমে গেছেন পোলার্ড। ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডারের ৭৫৪ ম্যাচে রান ১৪,৯৯৯। তাঁর ব্যাটিং গড় ৩১.৭১।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটিও বাটলারের রেকর্ডের রাতটিকে আরও স্মরণীয় করে রাখে। সোফিয়া গার্ডেন্সে আগে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৫ রান করেছিল শ্রীলঙ্কা। জবাবে মাত্র ১২.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৬ রান তুলে ৬ উইকেটে জয় পায় ইংল্যান্ড।
সময়ের আলো/টিকে