আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নির্বাচিত গুণী শিক্ষকদের এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হবে। ইতোমধ্যে স্কুল ও কলেজ পর্যায় থেকে ১৪০ জন গুণী শিক্ষকের তালিকা চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে তালিকার সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হয়েছে।
এর মধ্যে ঢাকা জেলা থেকে ৭ জন এবং অন্য প্রতিটি জেলা থেকে একজন করে ৭০ জন গুণী কলেজ শিক্ষক এবং ৭০ জন গুণী স্কুল শিক্ষক বাছাই করা হবে।
মাউশির বৃহস্পতিবারের (১৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে মিল রেখে প্রতি বছর ৫ অক্টোবর বাংলাদেশেও বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। এ বছর প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, মাদরাসা, কারিগরি ও বিভিন্ন বিশেষায়িত বিশ্ববিদ্যালয় পর্যায়ে দিবসটি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। দিবসটি উদযাপনে কেন্দ্রীয় সমন্বয়ের দায়িত্ব পালন করবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
নীতিমালা অনুযায়ী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা পর্যায় থেকে মোট ১০০ জন শিক্ষককে জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, সাধারণ বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পর্যায় থেকে তাদের বাছাই করা হবে। নির্বাচিত প্রত্যেক শিক্ষক পাবেন এক লাখ টাকা, একটি ক্রেস্ট ও সম্মাননা সনদ।
গুণী শিক্ষক বাছাইয়ে উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে কমিটি এবং সার্চ কমিটি গঠন করা হয়েছে। নির্ধারিত তথ্য ফর্মে শিক্ষকদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে যাচাই-বাছাই করা হবে। তালিকার হার্ডকপির সঙ্গে সহায়ক নথি সাধারণ প্রশাসন শাখায় জমা দিতে হবে। পাশাপাশি পূরণ করা তথ্য ফর্মের সফটকপি ই-মেইলেও পাঠাতে বলা হয়েছে।
বাছাইয়ের ক্ষেত্রে শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা ও শিক্ষকতার অভিজ্ঞতার পাশাপাশি নৈতিকতা, শ্রেণিকক্ষে পাঠদানের মান, সময় ব্যবস্থাপনা এবং শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যতা বিবেচনা করা হবে। এ ছাড়া, পাঠ্যবই বা গবেষণাপত্র লেখা, শিক্ষাক্ষেত্রে অবদান এবং সমাজ সংস্কারে বিশেষ ভূমিকার বিষয়ও মূল্যায়ন করা হবে।
প্রাথমিক এই বাছাইয়ের পর জাতীয় পর্যায়ের স্টিয়ারিং কমিটি পুরো প্রক্রিয়া সমন্বয় করবে। নির্ধারিত মানদণ্ডে যাচাই-বাছাই শেষে নির্বাচিত শিক্ষকদের শিক্ষক দিবসের অনুষ্ঠানে সম্মাননা দেওয়ার কথা রয়েছে।
সময়ের আলো/মহু