মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রুমালি বেগম (১৮) নামে তরুণী নিহত হয়েছেন। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টম্বর) রাতে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের শ্রীনাথপুর মূল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুমালি বেগম উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। আহতরা হলেন হাফিজা (১৯), লিপন (২৮), নজির মিয়া (৫৫) ও সিএনজিচালক শুভ চন্দ্র। তাদের মধ্যে হাফিজা ও নজির মিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে শ্রীনাথপুর মূল সড়কে বিপরীত দিক থেকে আসা দুটি সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই অটোরিকশায় থাকা কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক রুমালি বেগমকে মৃত ঘোষণা করেন। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুতর আহত হাফিজা ও নজির মিয়াকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন। দুটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত সিএনজি দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/এনএন