প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৮:৪৩ এএম
সংগৃহীত ছবিগাজীপুরে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তিনটি মামলা করেছে পুলিশ। এসব মামলায় প্রায় চার হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত অন্তত ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দায়ের করা তিনটি মামলার মধ্যে শিল্প পুলিশ দুটি এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) একটি করেছে।
পুলিশ সুপার জানান, মজুরি বৃদ্ধির দাবিতে সোমবার (২ নভেম্বর) সকালে গাজীপুরের বিভিন্ন এলাকায় পোশাক কারখানার শ্রমিকেরা আন্দোলনে নামেন। কালিয়াকৈর উপজেলার শফিপুর, চন্দ্রা ও পল্লী বিদ্যুৎ এলাকা ছাড়াও মহানগরের ভোগড়া বাইপাস, কোনাবাড়ী ও সালনায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
এ সময় আন্দোলনকারীরা পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করেন এবং মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেন।
একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় মহানগরীর কোনাবাড়ীতে একটি পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। পল্লী বিদ্যুৎ এলাকাসহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটে।
এর আগে রোববার (১ নভেম্বর) সকাল থেকে গাজীপুরের কোনাবাড়ী, কাশিমপুর, মৌচাক, শফিপুর, চন্দ্রা ও পল্লী বিদ্যুৎ এলাকায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
কয়েক দিনের শ্রমিক আন্দোলনে গাজীপুর-ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল কার্যত অচল হয়ে পড়ে। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গাজীপুর ও ঢাকাগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
সময়ের আলো/জোই