চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি)’র আমন্ত্রণে ৭ দিনের সফরে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন। আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত তার এই সফর অনুষ্ঠিত হবে।
সফরকালে সিপিবি সভাপতি চীনের উহান, হানচুয়ান, চেংদু প্রভৃতি অঞ্চল সফর করবেন। সফরের প্রথম দিন আজ ১৯ সেপ্টেম্বর চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে অবস্থিত আয়োজিত এক সেমিনারে সিপিবি সভাপতি ‘জাতীয় মুক্তি থেকে সমাজ রূপান্তর: বাংলাদেশ ও সমাজতন্ত্র প্রসঙ্গ’ শীর্ষক বক্তব্য রাখবেন। তিনি জাতীয় মুক্তিসংগ্রাম, স্বাধীনতা-পরবর্তী সামাজিক-রাজনৈতিক বাস্তবতা, সমাজ ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে পথনকশা এবং বাংলাদেশে সমাজতন্ত্রের প্রশ্ন বিষয়ে আলোচনা করবেন।
সফরের অংশ হিসেবে তিনি দ্বিতীয় দিন ২০ সেপ্টেম্বর উহান নগরী পরিদর্শন এবং হুবেই প্রাদেশিক সরকারের আয়োজনে একটি Welcome Banquet-এ অংশগ্রহণ করবেন। পরবর্তীতে ২১ সেপ্টেম্বর তিনি বিশ্ব শান্তি দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে বিভিন্ন দেশ থেকে আগত শীর্ষ নেতৃবৃন্দের সাথে অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।
এছাড়াও হুবেই অবস্থানকালে তিনি চীনের সাংস্কৃতিক ঐতিহ্য, পরিবেশ গবেষণা, স্টার্টআপ ইনকিউবেশন বেস ও স্থানীয় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করবেন। তিনি ২২ সেপ্টেম্বর হুবেই প্রদেশে চীনের বিখ্যাত হান নদীর তীরে অবস্থিত কৃষি ভিত্তিক অর্থনীতি ও বস্ত্র শিল্পের অন্যতম কেন্দ্র হানচুয়ান অঞ্চল পরিদর্শন করবেন। সেখানে তিনি শান্তি সম্মেলনের একটি সেমিনারে কি-নোট পেপার উপস্থাপন করবেন। পরবর্তীতে সিপিবি সভাপতি শান্তি সম্মেলনের সমাপনী অধিবেশনে অংশগ্রহণ করবেন।
সফরের পরবর্তী পর্যায়ে ২৩ সেপ্টেম্বর সিপিবি সভাপতি চীনের সিচুয়ান প্রদেশের রাজধানী চেংদু সফর করবেন। সেখানে অবস্থিত পার্টি স্কুলের গবেষক ও শিক্ষাবিদগণের সাথে ‘বর্তমান সময়ে বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগের প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনারে অংশগ্রহণ করবেন। তিনি ২৪ সেপ্টেম্বর একটি পরীক্ষামূলক কৃষি কেন্দ্র, স্থানীয় সামাজিক কেন্দ্র এবং তৃণমূল পর্যায়ের দৈনন্দিন জীবন ও সামাজিক পরিচালনা পদ্ধতি সরেজমিনে পরিদর্শন করবেন। সেখানে পরিবেশ সংরক্ষণ ও গবেষণা কার্যক্রম সম্পর্কেও তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় করবেন।
সফরকালে সিপিবি সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন চীনের সরকার ও কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দের সাথে বৈঠকে মিলিত হবেন। এছাড়াও তিনি শান্তি সম্মেলনে আগত বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সাথে কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
সময়ের আলো/জেডি