মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি ঘিরে অনিশ্চয়তা এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমে যাওয়ার প্রভাব পড়েছে মূল্যবান ধাতুর বাজারে। সপ্তাহের শেষ কার্যদিবসে টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে স্বর্ণ ও রুপার দাম। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠেছে।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৭৮ দশমিক ১৯ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দাম বেড়েছে ০ দশমিক ৪ শতাংশ। এতে প্রতি আউন্স স্বর্ণের ফিউচারস মূল্য দাঁড়িয়েছে ৪ হাজার ৪১৮ দশমিক ২০ ডলার।
বাইবিটের প্রধান বাজার বিশ্লেষক হান তানের মতে, মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত স্বর্ণের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলেনি। তার ভাষ্য, সুদের হার বাড়ানোর ধারা দীর্ঘস্থায়ী নাও হতে পারে— এমন প্রত্যাশা এবং তেলের দাম কমে যাওয়ায় স্বর্ণের বাজারে স্বস্তি তৈরি হয়েছে।
সাধারণত অর্থনৈতিক অনিশ্চয়তা ও মূল্যস্ফীতির সময়ে বিনিয়োগকারীরা স্বর্ণকে তুলনামূলক নিরাপদ সম্পদ হিসেবে বিবেচনা করেন। তবে সুদের হার বেশি থাকলে সুদ বা মুনাফা পাওয়া যায় এমন সম্পদের আকর্ষণ বাড়ে। এতে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের চাহিদায় চাপ তৈরি হতে পারে।
এর মধ্যেই গত বুধবার মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। আগামী মাসগুলোতেও সুদের হার বাড়ানোর সম্ভাবনা রয়েছে বলে বাজারে আলোচনা রয়েছে। তবে এর পরও শুক্রবার স্বর্ণের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।
সোনার পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। শুক্রবার আন্তর্জাতিক বাজারে রুপার দাম ২ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৬ দশমিক ৯২ ডলারে পৌঁছেছে। প্লাটিনামের দাম ২ দশমিক ৫ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ৮১৩ দশমিক ৭০ ডলার। আর প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৩২৪ দশমিক ১২ ডলারে উঠেছে।
দেশের বাজারেও চড়া স্বর্ণ
আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুর দাম বাড়লেও দেশের বাজারে স্বর্ণের দাম ইতিমধ্যে বেশ উচ্চ পর্যায়ে রয়েছে। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকায়।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা।
রুপার বাজারেও রয়েছে উল্লেখযোগ্য দাম। বর্তমানে ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনা বিক্রি হচ্ছে ৪ হাজার ৭৮২ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ৪ হাজার ৮২ টাকা। আর সনাতন পদ্ধতিতে প্রতি ভরি রুপার গহনার দাম ৩ হাজার ৯১ টাকা।
সময়ের আলো/প্রিন্ট/এমকে