কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও লেখক নাহিদা নাহিদের ১৩ বছর বয়সী ছেলে ইশায়েক শাহরিয়ার অপ্রতিমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতী এলাকায় নিজেদের বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
অপ্রতিম সপ্তম শ্রেণির শিক্ষার্থী। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল একটি পাঞ্জাবি। মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হওয়ার পর সে আর বাসায় ফেরেনি।
শুক্রবার দিবাগত রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে নাহিদা নাহিদ ছেলেকে খুঁজে পেতে সবার সহযোগিতা চান। তিনি লেখেন, ‘আমার ছেলেকে আমি বিকেল তিনটা থেকে খুঁজে পাচ্ছি না। ওর নাম অপ্রতিম। বয়স ১৩, ক্লাস সেভেনে পড়ে। হারানোর সময় পরনের এই পাঞ্জাবিটা ছিল গায়ে। আমার আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে গিয়ে আর ফিরে আসে নাই। আপনারা যে যেখান থেকে পারেন সহায়তা করেন। আপনাদের কাছে হাত জোড় করছি আমার ছেলেকে বাঁচান। থানায় জানিয়েছি।’
পরে শুক্রবার দিবাগত মধ্যরাতে দেওয়া আরেক পোস্টে ছেলেকে নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি লেখেন, ‘আমার ছেলেরে আমি কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে। ও কি বেঁচে আছে?’
অপ্রতিমের বাবা কেএম ফিরোজ শাহরিয়ার শনিবার ভোর ৬টার দিকে জানান, তখনও অপ্রতিমের সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ আইফোনটির অবস্থান শনাক্তের চেষ্টা করছে।
পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিট পর্যন্ত আইফোনটির লোকেশন গন্ধমতী এলাকায় দেখা গেছে। এরপর থেকে আর কোনো লোকেশন পাওয়া যায়নি। তবে অপ্রতিমের সঙ্গে ফোনটি ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
অপ্রতিম সাধারণত যেসব বন্ধুদের সঙ্গে চলাফেরা করে, তাদের সবার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা সবাই নিজ নিজ বাসায় রয়েছে বলে জানিয়েছেন অপ্রতিমের বাবা। পুলিশ ও পরিবারের সদস্যরা বন্ধুদের বাসায় গিয়ে অপ্রতিমের সঙ্গে সর্বশেষ কখন দেখা হয়েছে, সে বিষয়ে তথ্য নেওয়ার চেষ্টা করছেন।
স্থানীয় বিভিন্ন স্থানের সিসিটিভি ক্যামেরার ফুটেজও পুলিশ পর্যালোচনা করছে। তবে রাত পর্যন্ত ফুটেজ পর্যালোচনা করে অপ্রতিমের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
অপ্রতিমের সন্ধান পেলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন নাহিদা নাহিদ। যোগাযোগ নম্বর: ০১৯৭৪৮৮৮৬৬৫।
সময়ের আলো/কেএইচ