কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে অপ্রতিমের মরদেহ নিখোঁজ হওয়ার একদিন পর উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সন্দেহজনকভাবে তুহিন নামের একজনকে আটক করেছে পুলিশ। ১৩ বছর বয়সী অপ্রতিম সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। পরিবারের পক্ষ থেকে ওইদিন রাতেই কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
এরপর শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি নির্জন স্থান থেকে অপ্রতিমের লাশ উদ্ধার করা হয়। লাশটি অপ্রতিমের বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম।
অপ্রতিম নিখোঁজ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের সামনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার কথা জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম।
তিনি জানান, সিসিটিভি ফুটেজে স্থানীয় এক ছেলেকে অপ্রতিমের সাথে ঘোরাঘুরি করতে দেখা গেছে। তার চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে।
সময়ের আলো/জেডি