অবসরে যাওয়া পেনশনভোগী কর্মকর্তা-কর্মচারীদের পাঁচ ধাপে পেনশন বাড়ছে। এর ফলে যেসব পেনশনভোগী দীর্ঘদিন আগে অবসরে গেছেন ও তুলনামূলক কম পেনশন পাচ্ছেন, তাদের ক্ষেত্রে পেনশন বাড়ার পরিমাণ বেশি হবে বলে বেতনকাঠামোতে বলা হয়েছে।
বৃহস্পতিবার নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি করা হয়েছে, শনিবার তা প্রকাশিত হয়েছে। যা গত ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে বলে জানা গেছে।
সর্বনিম্ন পর্যায়ের বর্তমানে যারা ৯ হাজার টাকা পেনশন পান, তারা এখন পাবেন ১৮ হাজার টাকা। আর বর্তমানে সর্বোচ্চ যারা মাসে ৪০ হাজার ১ টাকা থেকে তার বেশি পেনশন পান, তারা পাবেন ৭০ হাজার ২০০ টাকা টাকা।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মাসে ৯ হাজার টাকা বা তার কম নিট পেনশন গ্রহণকারীদের পেনশন ১০০ শতাংশ, ৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশন গ্রহণকারীদের ক্ষেত্রে ৭৫ শতাংশ, ২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত পেনশন গ্রহণকারীদের ক্ষেত্রে ৬৫ শতাংশ, ৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত গ্রহণকারীদের ৬০ শতাংশ আর ৪০ হাজার ১ টাকা বা তার বেশি নিট পেনশন গ্রহণকারীদের ক্ষেত্রে নিট পেনশন বাড়বে ৫৫ শতাংশ।
এর আগে, গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে নতুন বেতনকাঠামো অনুমোদন দেওয়া হয়। সেদিন মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সংবাদ সম্মেলনে বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী বর্তমান সরকার ‘এক গ্রেড এক পেনশন (ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন-ওআরওপি)’ পদ্ধতি চালুর বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এ পদ্ধতি সামরিক ও বেসামরিক—সব ক্ষেত্রে একই সঙ্গে বাস্তবায়ন হওয়া প্রয়োজন।
তবে এই পদ্ধতি চালু করতে বিপুল অর্থ প্রয়োজন হবে। সেই সঙ্গে বেসামরিক কর্মচারীদের ক্ষেত্রে ২০১৯ সালের আগের অবসর গ্রহণকারীদের তথ্য না থাকায় এ পদ্ধতি পর্যায়ক্রমে ২০৩০ সালের মধ্যে বাস্তবায়ন করা হবে।
সময়ের আলো/কেএইচও