অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, শিগগিরই দেশে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) আয়োজিত ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন: পলিসি গোলস, ট্রানজেকশনস ইকোলজি অ্যান্ড সাসটেইনেবল রোডম্যাপ’ শীর্ষক এক সংলাপে তিনি এ কথা জানান।
আমির খসরু মাহমুদ বলেন, ‘ডিজিটাল ব্যাংকিং খুব শিগগিরই হতে যাচ্ছে। এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই, কারণ এটি আমাদের ডিজিটাল অর্থনীতি ও আর্থিক অন্তর্ভুক্তির অন্যতম প্রধান অংশ।’
তিনি বলেন, ডিজিটাল ব্যাংকিং বাংলাদেশের অর্থনীতি ও আর্থিক অন্তর্ভুক্তির একটি মূল উপাদান হয়ে উঠবে। সাইবার নিরাপত্তা জোরদার, উন্নত ডিজিটাল অবকাঠামো নির্মাণ এবং ক্রেডিট তথ্যের সঠিক সমন্বয়ের ওপর জোর দিয়ে নীতি নির্ধারকরা পর্যায়ক্রমে এই সেবা চালুর পরিকল্পনা করছেন।
তিনি আরও বলেন, ‘ডিজিটাল ব্যাংকিংকে আলাদা করে দেখার সুযোগ নেই; বরং নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ, ডিজিটাল পেমেন্ট ও ব্যাংকিং সুবিধার সমন্বয়ে গঠিত একটি বিস্তৃত ইকোসিস্টেম হিসেবে এ ব্যবস্থাকে বিবেচনা করতে হবে।’
সময়ের আলো/কেএইচও