ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের সপ্তম মাসে এসে মার্কিন যুদ্ধবিমানকে লক্ষ্য করে আরও কঠোর বার্তা দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। তার দাবি, মার্কিন এফ-৩৫ ও এফ-১৫ যুদ্ধবিমান ‘শিকার’ করার সময় শুরু হয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, এমন সময় শুরু হয়েছে যখন মার্কিন এফ-৩৫ ও এফ-১৫ যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তু করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হওয়ার খবর দিতে হচ্ছে।
মেহের নিউজের প্রতিবেদন অনুযায়ী গালিবাফ আরও বলেন, যে বিষয় একসময় শুধু দুঃস্বপ্নের মতো মনে হতো, এখন সেটিই প্রতিদিনের বাস্তবতায় পরিণত হয়েছে। তিনি বলেন, এখন থেকে মার্কিন সামরিক বহরকে এমন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে, যেখানে স্বয়ংক্রিয় ব্যবস্থা তাদের লক্ষ্যবস্তু করতে পারে, বিভিন্ন যোগাযোগব্যবস্থা বাধাগ্রস্ত হতে পারে এবং তাদের অবস্থান তাৎক্ষণিকভাবে শনাক্ত করা হতে পারে।
ইরানের সঙ্গে দীর্ঘ সংঘাতের মধ্যে মার্কিন সামরিক বাহিনীর ওপর চাপ বাড়ছে বলে বিভিন্ন মার্কিন সামরিক কর্মকর্তা ও প্রতিবেদনে উঠে এসেছে। পেন্টাগনের ইন্সপেক্টর জেনারেলের একটি মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের হামলায় পশ্চিম এশিয়ায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর শত শত ভবন ও স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী এসব হামলার কারণে মার্কিন বাহিনীর গুরুত্বপূর্ণ কিছু গোলাবারুদের ঘাটতিও তৈরি হয়েছে। পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পশ্চিম এশিয়ায় মার্কিন বাহিনীর পরিচালন পদ্ধতিতেও পরিবর্তন আনা হয়েছে। দীর্ঘস্থায়ী এই সংঘাতে দুপক্ষই নিজেদের সামরিক সক্ষমতা ও প্রতিপক্ষের ক্ষয়ক্ষতি নিয়ে বিভিন্ন দাবি করে আসছে। ফলে এসব দাবির ক্ষেত্রে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য ও স্বাধীনভাবে যাচাই করা তথ্যের মধ্যে পার্থক্য থাকা সম্ভব।
সময়ের আলো/জেডি