হবিগঞ্জ জেলা কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে জয়নাল আবেদীন (৪০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।
মৃত জয়নাল আবেদীন নবীগঞ্জ উপজেলার বেগমপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি একটি হত্যা মামলার আসামি ছিলেন। চলতি বছরের ২০ মে আদালতের মাধ্যমে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কারাগারের জেলার মো. বিল্লাল হোসেন। তিনি জানান, শনিবার সন্ধ্যায় জয়নাল আবেদীন হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। পরে কারাগারের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে দ্রুত হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেলার আরও জানান, জয়নাল আবেদীনের পরিবারের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সময়ের আলো/আতা