কুমিল্লায় ১৩ বছর বয়সী ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মৃত্যুর ঘটনায় আটক তুহিনের বাড়ি থেকে তার মায়ের আইফোন উদ্ধার করা হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তুহিনের মা। একই সঙ্গে ঘটনার দিন ছেলের গতিবিধির বর্ণনাও দিয়েছেন তিনি।
তুহিনের মা বলেন, সাদা পোশাকে একদল পুলিশ তুহিনকে সঙ্গে নিয়ে তাদের বাড়িতে আসে। পরে তার ঘরে তল্লাশি চালিয়ে বিছানার নিচ থেকে আইফোনটি উদ্ধার করা হয়। এ সময় ফোনটি একটি কালো শপিং ব্যাগের মধ্যে ছিল।
ঘটনার দিনের বর্ণনা দিয়ে তিনি বলেন, গত শুক্রবার জুমার নামাজের পর খাওয়া-দাওয়া শেষে তুহিন বাড়ি থেকে বের হন। পরে বিকেলে তিনি আবার বাসায় ফিরে আসেন। সন্ধ্যার কিছু সময় পর আবারও বাড়ি থেকে বের হন। রাত ৯টার দিকে তিনি ঘরে ফেরেন। এরপর রাতে ঘুমিয়ে পড়েন।
পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিট পর্যন্ত অপ্রতিমের মুঠোফোনের অবস্থান গন্ধমতী এলাকায় শনাক্ত করা হয়েছিল। এরপর ফোনটির আর কোনো অবস্থান পাওয়া যায়নি।
অপ্রতিম নিখোঁজ হওয়ার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ। ফুটেজে অপ্রতিমের সঙ্গে তুহিনকে দেখা যায়। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, তুহিনকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে আনাস নামে একজনকে আটক করা হয়। সর্বশেষ ফাহিম আহমেদসহ আরও দুজনকে আটক করা হয়েছে।
অপ্রতিমের সঙ্গে থাকা তার মায়ের আইফোনটি তুহিনের বাড়ি থেকে উদ্ধার হলেও হত্যাকাণ্ডের কারণ এবং এতে কারা জড়িত, সে বিষয়ে তদন্ত চলছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ, মুঠোফোনের তথ্যসহ বিভিন্ন আলামত যাচাই করছে পুলিশ।
অপ্রতিম স্থানীয় বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান।
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত ও দ্রুত আইনের আওতায় আনার দাবিতে তারা বিক্ষোভ করেন। শিক্ষার্থীরা ১২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে দাবি পূরণ না হলে বিশ্ববিদ্যালয় অচল করার হুঁশিয়ারি দিয়েছেন।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ, মুঠোফোনের তথ্যসহ বিভিন্ন আলামত যাচাই করে ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।
কোটবাড়ি পুলিশ ফাঁড়ির পরিদর্শক জানান, অপ্রতিমের মৃত্যুর ঘটনায় বিভিন্ন তথ্য যাচাই ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটকদের কাছ থেকে পাওয়া তথ্য ও অন্যান্য আলামত যাচাই করে ঘটনার প্রকৃত কারণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।
সময়ের আলো/কেএইচ