কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় মামলা হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলাটি করেন অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার।
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলায় আসামিদের নাম উল্লেখ করা হয়নি; অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।
এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে তুহিন নামে এক কিশোরের কাছ থেকে অপ্রতিমের মায়ের আইফোন উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, অপ্রতিম নিখোঁজ হওয়ার পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তুহিনকে শনাক্ত করা হয়।
গত শুক্রবার দুপুরে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয় অপ্রতিম। এরপর সে নিখোঁজ হয়। প্রায় ২২ ঘণ্টা পর শনিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
রোববার সকালে অপ্রতিমের মরদেহ শেষবারের মতো গন্ধমতির বাসায় নেওয়া হয়। সেখানে স্বজন ও বন্ধুরা তাকে শেষবারের মতো দেখেন। পরে মরদেহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে নেওয়া হয়। সেখানে প্রথম জানাজা শেষে গন্ধমতি ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
সময়ের আলো/কেএইচ