কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মৃত্যুর ঘটনায় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
রোববার সকাল সোয়া ৯টার দিকে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদের নেতৃত্বে স্থানীয় নেতারা অপ্রতিমের বাসা নুরজাহান ভিলায় যান। তারা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।
এ সময় কাজী দ্বীন মোহাম্মদের মুঠোফোনে অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ারের সঙ্গে কথা বলেন জামায়াত আমির শফিকুর রহমান। ফোনে তিনি অপ্রতিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
গত শুক্রবার দুপুরে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। প্রায় ২২ ঘণ্টা পর শনিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশে সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়েছে। অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বাদী হয়ে শনিবার দিবাগত রাতে মামলাটি করেন। মামলায় আসামিদের নাম উল্লেখ না করে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে এক কিশোরের কাছ থেকে অপ্রতিমের মায়ের আইফোন উদ্ধার করা হয়েছে।
সময়ের আলো/কেএইচ