পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী বুধবার (২৩ সেপ্টেম্বর) সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এদিন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। তবে এটি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি কি না, তা জানার আগ্রহ প্রকাশ করেছেন অনেকে।
সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, ফাতেহা-ই-ইয়াজদাহম মূলত একটি ঐচ্ছিক ছুটি। তবে, শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক শিক্ষাপঞ্জি বা ছুটির তালিকা অনুযায়ী দিনটি সরাসরি ছুটি হিসেবে নির্ধারিত থাকে।
দেশের সকল স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা এই ছুটি পাবেন। শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী ২৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানের সব শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।
তবে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য এটি কোনো সাধারণ ছুটি নয়। দিনটি তাদের জন্য নিয়মিত কর্মদিবস হিসেবে গণ্য হবে। তবে, সরকারি কর্মজীবীদের ক্ষেত্রে কেউ চাইলে কর্তৃপক্ষের অনুমোদনসাপেক্ষে এটি ‘ঐচ্ছিক ছুটি’ হিসেবে গ্রহণ করতে পারেন। বেসরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠান- যেমন ব্যাংক, বীমা, কর্পোরেট অফিস ও বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানে যথারীতি কার্যক্রম চলবে।
সময়ের আলো/মহু