জ্ঞাত আয়বহির্ভূত স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পাওয়ায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. আবুল বারকাতের সম্পদের হিসাব তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২০ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো পৃথক আদেশে ২১ কর্মদিবসের মধ্যে সম্পদ বিবরণী জমা দেওয়ার জন্য বলা হয়েছে। সংস্থাটির ঊর্ধ্বতন এক কর্মকর্তার কাছ থেকে এ তথ্য জানা গেছে।
নোটিশ সূত্রে জানা যায়, আদেশে তাদের নিজ, স্ত্রী/স্বামী এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিবরণী জমা দিতে বলা হয়েছে। আদেশে নোটিশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ছকে কমিশন বরাবর সম্পদ বিবরণী দাখিল করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য দাখিলে ব্যর্থ হলে কিংবা মিথ্যা বা ভুল বিবরণী দাখিল করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দুদক।
প্রসঙ্গত, ২৯৭ কোটি টাকা আত্মসাতের মামলায় জনতা ব্যাংক পিএলসির সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. আবুল বারকাতকে ধানমন্ডি থেকে ২০২৫ সালের ১১ জুলাই গ্রেফতার করা হয়। রিমান্ড শেষে বর্তমানে তিনি কারাগারে রয়েছেন বলে জানা গেছে।
সময়ের আলো/মহু