পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের বোন আলিমা খানকে কর্তৃপক্ষ আটক করেছে বলে জানিয়েছে পিটিআই। এর আগে লাহোরের ডেপুটি কমিশনার (ডিসি) তাকে ৩০ দিনের জন্য আটক বা গ্রেফতারের নির্দেশ দেন।
২০ সেপ্টেম্বরের ওই আদেশে লাহোরের ডিসি মুহাম্মদ আলী ইজাজ আলিমা খান এবং মুহাম্মদ আমির নামে এক ব্যক্তিকে পাঞ্জাব মেইনটেন্যান্স অব পাবলিক অর্ডার অর্ডিন্যান্স, ১৯৬০ (এমপিও)-এর আওতায় আটক করার নির্দেশ দেন। তাদের লাহোরের কোট লাখপত কেন্দ্রীয় কারাগারের সুপারিনটেনডেন্টের হেফাজতে রাখার কথা বলা হয়েছে।
আদেশে লাহোর পুলিশের একটি চিঠির বরাত দিয়ে বলা হয়, আলিমা খান ও আমিরকে জননিরাপত্তা ও জনশৃঙ্খলার জন্য ক্ষতিকর হিসেবে উল্লেখ করা হয়েছে। পুলিশি প্রতিবেদনে ২০২৩ সালের ৯ মে ইমরান খানের গ্রেফতারের পর বিক্ষোভ ও সড়ক অবরোধে তাদের সম্পৃক্ততার অভিযোগও তুলে ধরা হয়।
কর্তৃপক্ষের দাবি, তারা আবারও সামাজিক যোগাযোগমাধ্যম ও জনসভাগুলোর মাধ্যমে কর্মীদের সংগঠিত করছেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে— এমন আশঙ্কা রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তাদের ৩০ দিনের জন্য এমপিও আইনে আটক রাখার সুপারিশ করা হয়।
তবে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান আলিমা খানের আটকের নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, পিটিআইয়ের ২৭ সেপ্টেম্বরের কর্মসূচি শান্তিপূর্ণ হবে এবং রাজনৈতিক ও সাংবিধানিক দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনই তাদের লক্ষ্য। তার দাবি, এমপিও আইনে আলিমাকে আটক করা উত্তেজনা ও সংঘাত বাড়াতে পারে।
এর আগে, পিটিআই দাবি করেছিল, লাহোরে নিজের বাড়ির বাইরে থেকে কর্তৃপক্ষ আলিমা খানকে “অপহরণ” করেছে। দলের কেন্দ্রীয় তথ্যসচিব শেখ ওয়াকাস আকরামও তাকে দ্রুত আদালতে হাজির করার দাবি জানিয়েছেন।
২৭ সেপ্টেম্বরের কর্মসূচির আগে ধরপাকড়
আলিমা খানের আটকের ঘটনা পিটিআইয়ের ২৭ সেপ্টেম্বরের দেশব্যাপী বিক্ষোভ ও ইসলামাবাদমুখী পদযাত্রার আগে দলটির নেতা-কর্মীদের বিরুদ্ধে নেওয়া বিভিন্ন পদক্ষেপের মধ্যে সর্বশেষ ঘটনা।
এর আগে পাঞ্জাবের বিভিন্ন এলাকায় এমপিও আইনে পিটিআইয়ের কয়েক ডজন নেতা-কর্মীর বিরুদ্ধে প্রতিরোধমূলক আটকাদেশ দেওয়া হয়েছিল। ইসলামাবাদেও পিটিআইয়ের চার কর্মীকে আটক করার খবর পাওয়া গেছে।
ইসলামাবাদে পিটিআইয়ের কর্মসূচি ঠেকাতে প্রশাসন নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে এবং শহরের প্রবেশপথগুলোতে বিপুলসংখ্যক কনটেইনার রাখা হয়েছে বলে ডন জানিয়েছে।
সময়ের আলো/ইউএমএইচ