কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ৪ জনকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয়েছে বলে জানানো হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টায় কুমিল্লা আদালত পুলিশের পরিদর্শক সাদেকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযুক্তরা হলো- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সানন্দা এলাকার সাইফুল ইসলাম তুহিন (১৭), একই উপজেলার সালমানপুর গ্রামের মোফাজ্জেল হোসেন ফরহাদ (১৬), কুমিল্লা আদর্শ সদর উপজেলার হাতিগাড়া গ্রামের কামরুল হাসান (১৫) ও একই উপজেলার এলাহীপুর গ্রামের মো. সিয়াম (১৫)।
এ বিষয়ে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট কাইমুল হক রিংকু জানান, চাঞ্চল্যকর ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় আসামিদের আদালতে হাজির করা হয়েছে। তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয়েছে। নিয়ম অনুযায়ী ম্যাজিস্ট্রেট তাদের চিন্তাভাবনার জন্য ৩ ঘণ্টা সময় দিয়েছেন। এরপরে জবানবন্দি রেকর্ড করা হবে।
তিনি আরও বলেন, ‘এটি অত্যন্ত লোমহর্ষক ও হৃদয়বিদারক হত্যাকাণ্ড, যা সারা দেশকে নাড়া দিয়েছে। আসামিরা আইনি সহায়তা পাওয়ার অধিকার রাখলেও এখন পর্যন্ত কুমিল্লা বারের কোনো আইনজীবী তাদের পক্ষে বা বিপক্ষে কোনো ওকালতনামা বা দরখাস্ত দেননি। বার সবসময় সচেতন রয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এই নৃশংস হত্যাকাণ্ডের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হবে।’
সময়ের আলো/মহু