চট্টগ্রামের মিরসরাইয়ে কোনো ধরনের সিজারিয়ান অপারেশন ছাড়াই নরমাল ডেলিভারির মাধ্যমে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি মা। শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বারইয়ারহাটের বিএম হাসপাতালে এ তিন নবজাতকের জন্ম হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, রামগড় থেকে চিকিৎসা নিতে প্রসূতি মা বিএম হাসপাতালে আসেন। পরে ডা. সৈয়দা ফারহিন আজম ও সিনিয়র নার্স হাসনা হেনার তত্ত্বাবধানে নরমাল ডেলিভারির মাধ্যমে দুটি ছেলে ও একটি মেয়ের জন্ম দেন তিনি। তিন নবজাতকের মধ্যে দুজন বর্তমানে সুস্থ রয়েছে।
অপর নবজাতকটি তুলনামূলক কম ওজন নিয়ে জন্ম নেওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণের জন্য এনআইসিইউতে রাখা হয়েছে। সেখানে শিশু বিশেষজ্ঞের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
নবজাতকের পিতা আনোয়ার হোসেন বলেন, একসঙ্গে তিন সন্তানের বাবা হতে পেরে আমি ও আমার পরিবার অত্যন্ত আনন্দিত। আল্লাহর রহমতে মা ও দুই সন্তান সুস্থ আছে। আরেক সন্তানকে এনআইসিইউতে রাখা হয়েছে। তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাই।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. ওসমান গনি ভূঞা রাহাত বলেন, একসঙ্গে তিন সন্তানের নরমাল ডেলিভারি নিঃসন্দেহে একটি চ্যালেঞ্জিং বিষয়। তবে অভিজ্ঞ চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টায় কোনো ধরনের সিজারিয়ান অপারেশন ছাড়াই সফলভাবে ডেলিভারি সম্পন্ন হয়েছে। মা ও দুই নবজাতক বর্তমানে সুস্থ আছে।
অপর নবজাতকটি কম ওজন নিয়ে জন্ম নেওয়ায় তাকে এনআইসিইউতে রেখে বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
সময়ের আলো/আতা