রাজশাহীর তানোরে ৩য় শ্রেণির ১০ বছরের শিশু কন্যাকে ধর্ষণচেষ্টার মামলায় ৬৫ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে তানোর থানা পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে পার্শ্বের বানিয়াল গ্রামের লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
গ্রেফতারকৃত আরমান আলী (৬৫) তানোর উপজেলার পাঁচন্দর ইউপির কোয়েল গুচ্ছ গ্রামের মৃত সলেমানের ছেলে। এর আগে শনিবার রাতে ওই শিশুর মা বাদি হয়ে তানোর থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন।
মামলার বিবরণ-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে ওই শিশুকন্যা ও তার আড়াই বছরের শিশু ভাই ঘরে টিভি দেখছিলো। এসময় অভিযুক্ত ওই শিশুর মাকে টিভিতে অনুষ্ঠান দেখার কথা বলে তাদের ঘরে ঢুকে। তাদেরকে ঘরে রেখে শিশুর স্বামী পরিত্যক্তা মা ছাগল আনতে মাঠে যায়। এ সুযোগে অভিযুক্ত ওই শিশুকে ধর্ষণচেষ্টা করে পালিয়ে যায়। পরে তার মা আসলে শিশুটি তার মাকে ঘটনা খুলে বলে।
বিষয়টি গ্রামের মাতাব্বরদেরকে জানালে আপসের চেষ্টা করে। আপসের চেষ্টা ব্যর্থ হওয়ার পর রাতে গ্রামের মানুষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ওই শিশুকে উদ্ধার করে তানোর থানায় নিয়ে আসেন। এর ফাঁকে অভিযুক্ত পালিয়ে যায়।
তবে, অভিযুক্ত ওই ব্যক্তি শিশুকে ধর্ষণচেষ্টার কথা স্বীকার করেছেন বলেও জানান গ্রামবাসী।
তানোর থানার অফিসার ইনচার্জ ওসি মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় তানোর থানায় একটি ধর্ষণচেষ্টার মামলা দায়ের করা হয়েছে এবং ধর্ষনচেষ্টাকারীকে গ্রেফতার করা হয়েছে।
সময়ের আলো/আতা