পুলিশ ও কারা হেফাজতে এনসিপি নেতা গাজী সালাহউদ্দিন তানভীরের ওপর নির্যাতনের অভিযোগে গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি)। দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
রোববার (২০ সেপ্টেম্বর) এবি পার্টির সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে দলটির শীর্ষ দুই নেতা বলেন, হাসপাতালে গাজী তানভীরের শারীরিক অবস্থা দেখে তারা গভীরভাবে মর্মাহত ও উদ্বিগ্ন। রিমান্ডে তার শরীরে অজ্ঞাত ইনজেকশন প্রয়োগ, শারীরিক নির্যাতন এবং চিকিৎসা না দেওয়ার অভিযোগ অত্যন্ত গুরুতর।
তানভীরের অভিযোগের বরাত দিয়ে তারা বলেন, তাকে কারাগারের ফাঁসির সেলে নিয়ে বিদ্যুৎ বন্ধ করে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে ইনজেকশন দেওয়া হয়। এর পর তার শরীরের নিচের অংশ অবশ হয়ে যায় এবং তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বিচারকের সামনে নির্যাতনের অভিযোগ জানালে তার সন্তানদের গুম করার হুমকি দেওয়া হয়েছিল বলেও তানভীর অভিযোগ করেছেন।
মঞ্জু ও ফুয়াদ বলেন, কোনো নাগরিক অপরাধ করলে তার বিচার আদালতে হবে। অপরাধ প্রমাণিত হলে আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে। তবে রাষ্ট্রীয় হেফাজত কোনোভাবেই নির্যাতনের স্থানে পরিণত হতে পারে না।
তারা বলেন, রিমান্ডের আগে ও পরে তানভীরের শারীরিক অবস্থার পরিবর্তন, হেফাজতে তার চিকিৎসা, কোনো ইনজেকশন দেওয়া হয়ে থাকলে সেটির ধরন এবং কার নির্দেশে বা কার মাধ্যমে তা প্রয়োগ করা হয়েছে—এসব বিষয়ে সরকারকে স্পষ্ট জবাব দিতে হবে।
অতীতে শেখ হাসিনা সরকারের আমলে রাষ্ট্রীয় হেফাজতে নির্যাতন ও মৃত্যুর বহু অভিযোগের প্রসঙ্গ তুলে এবি পার্টির এই দুই নেতা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অভিযোগগুলো সত্য প্রমাণিত হলে তা গুরুতর মানবাধিকার লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।
বিবৃতিতে তারা অবিলম্বে ঘটনার স্বাধীন, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের দাবি জানান। একই সঙ্গে গাজী তানভীরের পূর্ণাঙ্গ মেডিকেল রেকর্ড পর্যালোচনা এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এ ছাড়া একটি স্বাধীন, কার্যকর ও শক্তিশালী জাতীয় মানবাধিকার কমিশন গঠন এবং বিদ্যমান মানবাধিকার কমিশন আইনে প্রয়োজনীয় সংস্কারের দাবি জানান এবি পার্টির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক। তারা গাজী সালাহউদ্দিন তানভীরের দ্রুত সুস্থতা কামনা করেন।
সময়ের আলো/এসএকে