নওগাঁয় বৈদ্যুতিক পোলের কারণে আটকে আছে আঞ্চলিক সড়কের উন্নয়ন কাজ

নওগাঁ প্রতিনিধি

সারাদেশ

একটি বৈদ্যুতিক পোলের কারণে এক বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে নওগাঁর গুরুত্বপূর্ণ একটি আঞ্চলিক সড়কের উন্নয়নকাজ। ফলে ব্যস্ততম এই

2026-09-21T08:32:27+00:00
2026-09-21T08:32:27+00:00
 
  সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
নওগাঁয় বৈদ্যুতিক পোলের কারণে আটকে আছে আঞ্চলিক সড়কের উন্নয়ন কাজ
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩২ এএম 
বৈদ্যুতিক পোলের কারণে আটকে আছে আঞ্চলিক সড়ক। ছবি : সময়ের আলো
একটি বৈদ্যুতিক পোলের কারণে এক বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে নওগাঁর গুরুত্বপূর্ণ একটি আঞ্চলিক সড়কের উন্নয়নকাজ। ফলে ব্যস্ততম এই সড়কের এক লেন দিয়ে দুই দিকের যানবাহন ও পথচারীদের চলাচল করতে হচ্ছে। এতে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। সামান্য একটি কাজ অসম্পূর্ণ থাকায় আধুনিক দুই লেনের সড়কের পূর্ণ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

নওগাঁ সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, জেলার ছয়টি আঞ্চলিক সড়ক প্রশস্তকরণের কাজ প্রায় শেষ পর্যায়ে। এর মধ্যে বালুডাঙ্গা-বদলগাছি আঞ্চলিক সড়কটি জেলার উত্তরাঞ্চলের সঙ্গে নওগাঁ শহরের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে বদলগাছি হয়ে পত্নীতলা ও ধামইরহাট উপজেলা ছাড়াও জয়পুরহাট ও বগুড়াসহ বিভিন্ন এলাকায় যাতায়াতে সড়কটি ব্যবহার করা হয়।

এ ছাড়া শহরের বাইপাস সড়ক থেকে বালুডাঙ্গা কেন্দ্রীয় বাসস্ট্যান্ড হয়ে শহরের অভ্যন্তরে যোগাযোগের অন্যতম প্রধান সড়ক এটি। সড়কটির পাশে রয়েছে জেলখানা, পাসপোর্ট অফিসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা। ফলে প্রতিদিন এই সড়ক দিয়ে বিপুলসংখ্যক মানুষ ও যানবাহন চলাচল করে।

তবে বরুনকান্দি মোড়সংলগ্ন এলাকায় সড়কের মাঝখানে একটি বৈদ্যুতিক পোল থাকায় দীর্ঘদিন ধরে একটি অংশের কাজ শেষ করা যাচ্ছে না। ওই অংশে সিসি ঢালাইয়ের কাজও সম্পন্ন হয়নি। বর্তমানে অসম্পূর্ণ অংশটি দিয়ে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করতে না পারায় সড়কের এক লেন দিয়েই উভয় দিকের যানবাহন ও পথচারীদের চলাচল করতে হচ্ছে।

এতে প্রায়ই যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঘটনাও ঘটছে। স্থানীয়দের অভিযোগ, কোটি টাকা ব্যয়ে সড়কটি প্রশস্ত করা হলেও একটি বৈদ্যুতিক পোলের কারণে এর পুরো সুবিধা পাচ্ছেন না তারা। দ্রুত পোলটি সরিয়ে সড়কের অসম্পূর্ণ কাজ শেষ করার দাবি জানিয়েছেন তারা।


বরুনকান্দি গ্রামের বাসিন্দা ও পথচারী মো. আজিজুল ইসলাম বলেন, জেলার উত্তরাঞ্চলের সঙ্গে নওগাঁ শহরের যোগাযোগের গুরুত্বপূর্ণ সড়ক এটি। কিন্তু একটি বৈদ্যুতিক পোলের কারণে সড়কের সামান্য অংশের কাজ শেষ না হওয়ায় প্রশস্ত সড়কের সুবিধা থেকে মানুষ বঞ্চিত হচ্ছেন। এক লেন দিয়ে ছোট-বড় যানবাহন ও পথচারীদের চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে। এতে দুর্ঘটনাও ঘটছে। দ্রুত পোলটি সরিয়ে সড়কের অসম্পূর্ণ কাজ শেষ করে চলাচলের জন্য উন্মুক্ত করার দাবি জানান তিনি।

নেসকো নওগাঁ দক্ষিণ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সূত্রধর বলেন, বিষয়টি তাকে কেউ অবগত করেননি। তিনি খোঁজ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন। দ্রুত পোলটি সরিয়ে সড়কের অসমাপ্ত কাজ শেষ করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

নওগাঁ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল মুনসুর আহমেদ বলেন, সড়কের মধ্যে থাকা বৈদ্যুতিক পোল সরাতে অর্থের প্রয়োজন হয়। সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় অর্থ দেওয়া হলে তারা পোল সরানোর কাজ করে। ওই পোল সরানোর জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। অর্থ পাওয়া গেলে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে পোলটি সরিয়ে সড়কের অসমাপ্ত কাজ শেষ করা হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   নওগাঁয়  বৈদ্যুতিক পোল  আঞ্চলিক সড়ক  উন্নয়ন কাজ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: