লেবুর শরবতে চুমুক দিতে গিয়ে হঠাৎ একটি লেবুর বীজ পেটে চলে গেলে অনেকেই দুশ্চিন্তায় পড়ে যান। মনে প্রশ্ন জাগে-বীজটি কি পেটের ভেতরে আটকে যাবে? এতে কি কোনো সমস্যা হবে?
ভুল করে একটি-দুটি ছোট লেবুর বীজ গিলে ফেললে আতঙ্কিত হওয়ার কারণ নেই। শরীরের পরিপাকতন্ত্র খাবারের সঙ্গে এ ধরনের ছোট, অপাচ্য অংশকেও অন্ত্রের দিকে এগিয়ে নিয়ে যায়। অনেক বীজই শরীর পুরোপুরি হজম করতে পারে না এবং শেষ পর্যন্ত মলের সঙ্গে বেরিয়ে যায়।
তাছাড়া, ছোট কোনো বীজ গিলে ফেললেই সেটি পাকস্থলীতে বছরের পর বছর আটকে থাকে-এমন ধারণার বৈজ্ঞানিক ভিত্তি নেই। শরীরের পরিপাকতন্ত্রের স্বাভাবিক চলাচলের মাধ্যমে খাবারের অবশিষ্ট অংশ ধীরে ধীরে অন্ত্রে যায় এবং পরে মলের সঙ্গে বের হয়ে যায়।
একটি লেবুর দানা ভুল করে গিলে ফেলেছেন বলে সেটি পেটের ভেতরে আটকে গিয়ে বড় কোনো সমস্যা তৈরি করবে, এমনটা ধরে নেওয়ার কারণ নেই।
তবে, শিশুদের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। শিশুরা খাবার ভালোভাবে চিবিয়ে না খেলে বা ছোট কোনো শক্ত অংশ গিলে ফেললে গলায় আটকে যাওয়ার ঝুঁকি থাকতে পারে। তাই শিশুদের লেবু বা অন্য ফল খাওয়ানোর সময় বীজ যতটা সম্ভব সরিয়ে দেওয়া ভালো।
সময়ের আলো/জেকিউএফ