রান্নার ঝামেলা ছাড়াই সকালের ৮ সহজ রেসিপি

সময়ের আলো ডেস্ক

ফিচার

সকালের ব্যস্ততায় অনেকেই নাস্তা না করেই বেরিয়ে পড়েন। বিশেষ করে ব্যাচেলর ও কর্মজীবীদের জন্য ঘুম থেকে উঠে রান্না করে নাস্তা

2026-09-19T10:36:03+00:00
2026-09-19T10:43:17+00:00
 
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
ফিচার
রান্নার ঝামেলা ছাড়াই সকালের ৮ সহজ রেসিপি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৬ এএম  আপডেট: ১৯.০৯.২০২৬ ১০:৪৩ এএম
সকালের সহজ ও স্বাস্থ্যকর খাবার। ছবি : এআই
সকালের ব্যস্ততায় অনেকেই নাস্তা না করেই বেরিয়ে পড়েন। বিশেষ করে ব্যাচেলর ও কর্মজীবীদের জন্য ঘুম থেকে উঠে রান্না করে নাস্তা তৈরি করা বেশ ঝামেলার। তবে নাস্তা তৈরি করতে যে দীর্ঘ সময় রান্নাঘরে কাটাতেই হবে, এমন নয়। হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়েই অল্প সময়ে তৈরি করা যায় সুস্বাদু ও পুষ্টিকর খাবার। 

দই-চিড়া


সকালের নাস্তায় দই-চিড়া হতে পারে সহজ ও সুস্বাদু একটি খাবার। প্রথমে পরিমাণমতো চিড়া ধুয়ে ৫ থেকে ১০ মিনিট পানিতে ভিজিয়ে রাখতে হবে। চিড়া নরম হয়ে এলে এর সঙ্গে দই ও পরিমাণমতো লবণ মিশিয়ে নিন। স্বাদ বাড়াতে কলা, আম বা সামান্য চিনি যোগ করতে পারেন। চাইলে দইয়ের বদলে দুধও ব্যবহার করতে পারেন।

ওটস


চিড়া পছন্দ না হলে ওটস খেতে পারেন। আধা কাপ ওটসের সঙ্গে এক গ্লাস দুধ বা টক দই এবং সামান্য মধু মিশিয়ে একটি পাত্রে রেখে দিন। রাতভর ফ্রিজে রাখার পর সকালে এর সঙ্গে কলা, কিশমিশ বা কুচি করা বাদাম মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে নাস্তা। ওটসে থাকা ফাইবার হৃদরোগের ঝুঁকি কমাতে এবং রক্তে শর্করা ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে।

স্যান্ডউইচ


ঝটপট নাস্তা হিসেবে স্যান্ডউইচ বেশ জনপ্রিয়। একই খাবারে প্রতিদিন ভিন্ন স্বাদ আনাও সম্ভব। ব্রাউন ব্রেডের মধ্যে ডিম পোজ দিয়ে স্যান্ডউইচ তৈরি করা যায়। চাইলে বাটার বা জেলিও ব্যবহার করতে পারেন। এর সঙ্গে এক গ্লাস ফলের জুস যোগ করলে সহজেই একটি নাস্তা সম্পূর্ণ হয়ে যায়।

পিনাট বাটার ও কলা টোস্ট


লাল আটার পাউরুটি হালকা সেঁকে নিয়ে তাতে পিনাট বাটার মাখিয়ে নিন। এরপর কয়েক টুকরো কলা দিয়ে, আরেকটি পাউরুটি দিয়ে ঢেকে দিন। ব্যস্ত সকালে খুব অল্প সময়েই তৈরি করা যায় এই সুস্বাদু নাস্তা।


ফ্রুট সালাদ ও বাদাম


কলা, আপেল, পেয়ারা কিংবা পছন্দের অন্য দুই-তিন ধরনের ফল ছোট টুকরো করে কেটে নিন। এর সঙ্গে এক মুঠো চীনা বাদাম বা কাঠবাদাম মিশিয়ে নিলেই তৈরি হবে সহজ ফ্রুট সালাদ। এটি শরীরে দ্রুত শক্তি জোগাতে পারে।

ব্রেকফাস্ট স্মুদি


দ্রুত নাস্তার জন্য তৈরি করতে পারেন স্মুদি। ব্লেন্ডারে এক গ্লাস দুধ, পরিমাণমতো ওটস, একটি কলা এবং এক চামচ পিনাট বাটার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন। এরপর গ্লাসে ঢেলে পরিবেশন করুন। ব্যস্ত সকালে এটি হতে পারে দ্রুত তৈরি একটি নাস্তা।

পাউরুটি ও দুধ


খুব বেশি আয়োজন করতে না চাইলে উষ্ণ দুধের সঙ্গে পাউরুটি খেতে পারেন। সময়ের অভাবে এটি হতে পারে সবচেয়ে সহজ একটি নাস্তা।

ডিম ও ফলমূল


সকালের নাস্তায় সেদ্ধ ডিম বা অমলেটও রাখা যায়। এর সঙ্গে একটি কলা যোগ করলে নাস্তাটি আরও পরিপূর্ণ হয়। ডিম প্রোটিনের ভালো উৎস হওয়ায় এটি সকালের জন্য পুষ্টিকর একটি খাবার হতে পারে।

এছাড়া, সকালের নাস্তায় শুধু ফলও রাখা যায়। কলা, আপেল, পেয়ারা বা পছন্দের অন্য কোনো ফল সঙ্গে নিয়ে বের হতে পারেন। চলার পথে খাওয়ার জন্য ফল সহজ, পুষ্টিকর ও স্বাস্থ্যকর বিকল্প।

ব্যস্ততা যতই থাকুক, দিনের শুরুতে নাস্তা বাদ না দিয়ে হাতের কাছে থাকা সহজ উপকরণ দিয়ে দ্রুত কিছু খেয়ে নেওয়া উচিত। এতে সময়ও বাঁচবে, পাশাপাশি দিনের শুরুটাও হবে স্বাস্থ্যকরভাবে।

সময়ের আলো/মহু

  বিষয়:   রেসিপি  নাস্তা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: