হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
সোমবার (২১ সেপ্টেম্বর) ইরানি সংবাদ সংস্থাগুলোতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে হরমুজ প্রণালির ওপর উড়ন্ত মার্কিন এমকিউ-১ ড্রোনটি শনাক্ত করে ধ্বংস করা হয়েছে।
আইআরজিসির দাবি, যুক্তরাষ্ট্র কয়েক বছর আগে এমকিউ-১ ধরনের ড্রোন ব্যবহার বন্ধ করে দিয়েছিল। তবে আরও আধুনিক এমকিউ-৯ ড্রোনের উল্লেখযোগ্যসংখ্যক ক্ষতির পর দেশটি পুরোনো এমকিউ-১ ড্রোন আবার ব্যবহার করতে বাধ্য হয়েছে।
বিবৃতিতে আইআরজিসি আরও দাবি করেছে, তাদের নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন উভয় ধরনের ড্রোনকে ব্যাপকভাবে শনাক্ত ও ধ্বংস করছে।
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী ২০১৮ সালে এমকিউ-১ প্রিডেটর ড্রোনের ব্যবহার বন্ধ করে দেয়। পরে এর জায়গায় আরও আধুনিক এমকিউ-৯ রিপার ড্রোন ব্যবহৃত হয়ে আসছে।
তবে ইরানের এ দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সময়ের আলো/জেডি