দেশের ২২টি সরকারি বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষকের বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটি কেন বিলুপ্ত করা হবে না, তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসীন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
শিক্ষকদের বিরুদ্ধে ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর লক্ষ্যে আওয়ামী লীগের পক্ষে গোপন তৎপরতা’র অভিযোগ তদন্তে এসব কমিটি গঠন করা হয়। রিটকারীদের দাবি, এ ধরনের তদন্ত কমিটি গঠনের আইনগত এখতিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেই।
আদালতে রিট আবেদন করেন আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস, এম লিটন আহমেদ, রাশেদুল হক খোকন ও বিপ্লব কুমার দাস।
রিটে বলা হয়, গত ৪ আগস্ট একটি গণমাধ্যমে ‘শেখ হাসিনাকে ফেরাতে ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০০-এর বেশি শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন ধরনের তথ্য অনুসন্ধান ও তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং পরবর্তী সময়ে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রিটকারীরা দাবি করেন, ‘যাচাইহীন’ সংবাদের ভিত্তিতে শিক্ষকদের বিরুদ্ধে এসব কমিটি গঠন করা হয়েছে। তারা কমিটিগুলো বিলুপ্ত করার পাশাপাশি এসব তদন্তের ভিত্তিতে নেওয়া পরবর্তী সব ব্যবস্থা প্রত্যাহারের আবেদন জানান।
আবেদনটি নিষ্পত্তি না হওয়ায় তারা হাইকোর্টে রিট করেন। শুনানি শেষে আদালত তদন্ত কমিটি বিলুপ্ত না করার কারণ জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন।
সময়ের আলো/এমকে