ময়মনসিংহ গফরগাঁওয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসংযোগ কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির বিরুদ্ধে। এতে ইউনিয়ন জামায়াতের সভাপতি ও সেক্রেটারিসহ অন্তত ৭ জন নেতাকর্মী আহত হয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার নিগুয়ারী ইউনিয়নের অললী বাঁশতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিগুয়ারী ইউনিয়ন জামায়াতের সভাপতি শফিকুল ইসলাম (হিরণ) খানের নেতৃত্বে একটি দাওয়াতি টিম গণসংযোগে বের হয়। টিমটি অললী বাঁশতলা বাজারে পৌঁছালে স্থানীয় বিএনপি নেতা খুরশিদ, জসিম, মুমিন ও সোজন খানের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলায় নিগুয়ারী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা আশরাফুল ইসলাম এবং ৭ নং ওয়ার্ড সভাপতি মাওলানা আব্দুল আজিজসহ অন্তত ৭ জন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানা গেছে।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গফরগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইসমাঈল হোসেন সোহেল। তিনি বলেন, নিগুয়ারীতে এর আগেও আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। আমরা থানায় অভিযোগ দায়ের করলেও প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি।
তিনি আরও বলেন, অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের কঠোর পদক্ষেপও কামনা করেন তিনি।
সময়ের আলো/আতা