বাবার মৃত্যুর পর তার পেনশন ও অন্যান্য প্রাপ্য সুবিধা প্রতিবন্ধী সন্তানকে কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। কৃষি মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ৮ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
ময়মনসিংহের কৃষি সম্প্রসারণ অধিদফতরের গুদাম রক্ষক মো. হাবিবুর রহমান ২০১৬ সালের ২০ জানুয়ারি অবসর নেন। অবসরের পর তিনি বিধি অনুযায়ী পেনশনসহ অন্যান্য সুবিধা ভোগ করে আসছিলেন। চলতি বছরের ৪ মার্চ তিনি মারা যান। এর আগেই তার স্ত্রীও মারা যান।
মৃত্যুকালে হাবিবুর রহমান তিন মেয়ে ও এক ছেলে রেখে যান। তার একমাত্র ছেলে মো. আশফাকুর রহমান শাওন প্রতিবন্ধী। এ কারণে অন্য উত্তরাধিকারীরা তাকে বাবার পেনশনের একক ভোগী হিসেবে মনোনীত করেন।
এরপর শাওন গত ১৫ আগস্ট বাবার পেনশনসহ অন্যান্য প্রাপ্য সুবিধা তার অনুকূলে মঞ্জুরের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। তবে ২৭ আগস্ট ময়মনসিংহ অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক তৌফিক আহমদ খান আবেদনটি নামঞ্জুর করেন।
পরে ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ১৩ সেপ্টেম্বর হাইকোর্টে রিট করেন শাওন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. পারভেজ।
সময়ের আলো/এমকে