নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ ও সরকারি, শিল্প এবং অন্যান্য গ্রাহকের ভবনের ছাদে রুফটপ সোলার স্থাপনের লক্ষ্যে নাটোরে অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সোলার সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তির প্রক্রিয়া নিয়েও আলোচনা করা হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নাটোর শহরের ফুলবাগান এলাকায় নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সদর দফতরের সভাকক্ষে পৃথকভাবে এসব সভা অনুষ্ঠিত হয়।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার টি এম মেজবাউদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাগমারা এলাকার ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) জাহাঙ্গীর আলম, সমিতির এলাকা পরিচালক মিজানুর রহমান এবং পুঠিয়া এলাকার ডিজিএম আহসানুল করিম।
সোলার সার্ভিস-সংক্রান্ত বিভিন্ন বিষয় ও সেবার সার্বিক প্রক্রিয়া তুলে ধরেন সমিতির এজিএম (সদস্য সেবা) প্রকাশ কুমার সাহা।
সভায় বক্তারা বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে রুফটপ সোলার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সরকারি প্রতিষ্ঠান, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন গ্রাহক পর্যায়ে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয় এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের সুযোগ তৈরি হবে।
এ সময় নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বিভিন্ন দফতরের কর্মকর্তা, বিভিন্ন এলাকার ডিজিএম, প্রাণ এগ্রো লিমিটেড, কৃষয়ানসহ বিভিন্ন শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং সরকারি দফতরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/কেএইচও