প্রেম, আত্মত্যাগ ও মানবিক অনুভূতির জটিল সমীকরণে রতন-শিউলির জীবনকথা নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘সমান সমান’। রওনক রিপনের পরিচালনায় নাটকটি প্রথমে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচারিত হয়।
সম্প্রতি নাটকটি উন্মুক্ত হয়েছে ইউটিউবেও। ভিন্ন স্বাদের এই নাটকটি দর্শকদের কাছ থেকে বেশ ইতিবাচক সাড়া পাচ্ছে।
নাটকের গল্পে দেখা যাবে, ছোটবেলা থেকে শিউলিকে পছন্দ করেন রতন। বড় হয়ে শিউলি ফুল বিক্রি করে আর রতন শহরে ফেরি করে বেড়ায় বাচ্চাদের খেলনা। ছোটবেলায় এক অসুখে শিউলির একটা পা নষ্ট হয়ে যায়। সেই থেকে এক পায়ে ভর দিয়ে পথে পথে ফুল বিক্রি করে শিউলি।
ভালোবাসার টানে শিউলির ছায়াসঙ্গী হয়ে থাকে রতন। একসময় রতনকে বোঝায় শিউলি সে আর রতন সমান সমান নয়। কারণ শিউলির একটা পা নেই আর এই ভার রতন কোনো দিনই নিতে পারবে না।
এদিকে শিউলির মা মেয়েকে বিয়ে দিতে উঠে-পড়ে লাগে। সব জেনে এক লোক শিউলিকে বিয়ে করতে রাজি হয়। বিয়ের দিন-তারিখ ঠিক হয়। এমন খবর শুনে শিউলিকে পেতে চান রতন। শিউলির মতো ‘সমান’ হওয়ার এক অদ্ভুত সিদ্ধান্ত নেয় সে।
নিজের একটি পা হারানোর কথা ভাবতে শুরু করে। গাড়ির নিচে পা দিতে যায় রতন। ভালোবাসার মানুষটির সঙ্গে নিজেকে সমান করে তুলতে তার এই আত্মত্যাগের আকাঙ্ক্ষাই নাটকের গল্পে তৈরি করেছে আবেগঘন টানাপোড়েন। ভালোবাসা, আত্মত্যাগ ও মানবিক অনুভূতির জটিল সমীকরণের এমন গল্প নিয়েই এগিয়েছে নাটকটি।
নাটকে রতন ও শিউলি চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা ও নীশা চৌধুরী। আরও আছেন রেজওয়ান পারভেজ, আয়মন শিমলা, শিল্পী সরকার, সাইফুল আলম শামীম, শিশুশিল্পী কথা, কিষাণসহ অনেকে।
পরিচালনার পাশাপাশি সাইফুল আলম শামীমের সঙ্গে নাটকটির চিত্রনাট্যও করেছেন রওনক রিপন। তিনি বলেন, নাটকটি প্রচারে আসার পর থেকেই ভালো প্রতিক্রিয়া পাচ্ছি। ভিউয়ের দৌড়ে খুব বেশি সাড়া না ফেললেও গল্পটি দর্শকদের মন জয় করছে।
সময়ের আলো/প্রিন্ট/কেএইচও