চট্টগ্রামের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দলিল রেজিস্ট্রির জন্য ২ লাখ টাকা ঘুস নেওয়ার সময় সাব-রেজিস্ট্রার ও তার দুই সহযোগীকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পাহাড়তলী সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও অফিসের উমেদার রূপন দাশকে আগে থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হয় বলে জানিয়েছে দুদক।
অভিযোগ অনুযায়ী, এক আইনজীবী তার মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র রেজিস্ট্রির জন্য পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে জমা দেন। দলিলে কোনো ত্রুটি না থাকলেও সাব-রেজিস্ট্রার সেটি আটকে রাখেন। পরে দলিল দুটি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য আবদুস সোবহান ও ফারুক ইসলাম দুই লাখ টাকা ঘুস দাবি করেন।
বিষয়টি নিয়ে ভুক্তভোগী আইনজীবী দুদকের হটলাইন ১০৬-এ অভিযোগ করেন। পরে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এ লিখিত আবেদন করেন তিনি।
এর প্রেক্ষিতে দুদকের ট্র্যাপ টিম মঙ্গলবার বিকেলে পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ঘুসের দুই লাখ টাকা গ্রহণকালে তিনজনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে দুদক।
সময়ের আলো/জেকিউএফ