দুবাইয়ের প্রয়াত শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুমের জানাজায় ইমামতি করেছেন সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুবাইয়ের জায়াবিল গ্র্যান্ড মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে শেখ মোহাম্মদের সঙ্গে অংশ নেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স, উপপ্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও দুবাইয়ের নির্বাহী পরিষদের চেয়ারম্যান শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এবং দুবাইয়ের প্রথম ডেপুটি শাসক, উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী শেখ মাকতুম বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।
প্রয়াত শেখ আহমেদ বিন রশিদের জন্য মঙ্গলবার থেকে তিন দিনের শোক গ্রহণের ব্যবস্থা করা হয়েছে জায়াবিল মজলিসে। মঙ্গলবার বিকেল ৪টা থেকে মাগরিবের নামাজ পর্যন্ত শোক জানানো যাবে। বুধবার ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে জোহরের নামাজ পর্যন্ত এবং আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত শোক গ্রহণ করা হবে।
এদিকে প্রয়াত শেখ আহমেদ বিন রশিদের মৃত্যুতে পুরো দুবাই আমিরাতে ১০ দিনের সরকারি শোক ঘোষণা করা হয়েছে। এ সময় আমিরাতের পতাকা অর্ধনমিত রাখা হবে।
সময়ের আলো/ইউএমএইচ