ইয়েমেনের হুতি মিলিশিয়ার মক্কা লক্ষ্য করে হামলার চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান। তিনি বলেছেন, এ ধরনের হামলার চেষ্টা বিশ্বজুড়ে মুসলমানদের ক্ষুব্ধ করেছে এবং সৌদি আরবে পবিত্র স্থানগুলোর মর্যাদা লঙ্ঘন করেছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জেদ্দায় মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করার সময় হুতিদের ‘সন্ত্রাসী মিলিশিয়া’ হিসেবে অভিহিত করেন বাদশাহ সালমান। একই সঙ্গে দেশটির নিরাপত্তা ও সামরিক বাহিনীর সদস্যদের প্রশংসা করেন তিনি। সৌদি আরব, পবিত্র স্থান, হজযাত্রী, নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষা এবং যেকোনও আগ্রাসন মোকাবেলায় তাদের ভূমিকার প্রশংসা করেন বাদশাহ।
সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে আরব নিউজ জানায়, মক্কা লক্ষ্য করে হুতিদের হামলার চেষ্টার ঘটনায় আন্তর্জাতিক পর্যায়েও নিন্দা জানানো হয়েছে।
মন্ত্রিসভার বৈঠকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাম্প্রতিক মিসর সফরের বিষয়টিও পর্যালোচনা করা হয়। মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে তার বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও জোরদার এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর পাঠানো বার্তা এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে যুবরাজের ফোনালাপ নিয়েও আলোচনা হয়। এসব আলোচনায় আঞ্চলিক পরিস্থিতি, স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক জলপথে নৌ চলাচলের নিরাপত্তা ও স্বাধীনতার বিষয় উঠে আসে।
বৈঠকের পর সৌদি তথ্যমন্ত্রী সালমান আল-দোসারি জানান, আন্তর্জাতিক আইন, রাষ্ট্রের সার্বভৌমত্ব, শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তি এবং আন্তর্জাতিক জলপথে নিরাপদ নৌ চলাচলের গুরুত্বের ওপর জোর দিয়েছে মন্ত্রিসভা।
এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিকতা, জৈবচিকিৎসা প্রযুক্তি, অটোমোবাইল শিল্প এবং বিভিন্ন দেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বেশ কয়েকটি সিদ্ধান্ত অনুমোদন করেছে সৌদি মন্ত্রিসভা।
সময়ের আলো/ইউএমএইচ